পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২বছর পূর্তি উদযাপনের প্রস্তুতি সভা
১৯ নভেম্বর ২০১৯, ০৯:৫২ পিএম
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২২বছর পূর্তি অনুষ্ঠান (০২ ডিসেস্বর,২০১৯) খাগড়াছড়ি পার্বত্য জেলায় আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে।
মঙ্গলবার (১৯ই নভেম্বর) সকালে পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিলামং চৌধুরীর সঞ্চালনায় পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মো. আরাফাত হোসেন, রিজিয়নের প্রতিনিধি জি-টু-আই মেজর সালাউদ্দীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাবিব উল্লাহ মারুফ, অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলমসহ জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারী, বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
দিনটিকে স্মরণীয় করে রাখতে আগামী ১লা ডিসেম্বর পৌর টাইন হল মাঠে মেলার মধ্য দিয়ে শুরু হবে ২২বছর পূর্তি পার্বত্য চট্টগ্রাম চুক্তির বাস্তবায়নের কর্মসূচী। ২রা ডিসেম্বর পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন থেকে সকালে শান্তির পায়ড়া বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর টাউন হল মাঠে প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হবে। পরে ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৩দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম চুক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানকে সফল করতে “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২২বছর পূর্তি উদযাপন কমিটি’ ও উপ-কমিটি গঠনের মধ্য দিয়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।
























