বই মেলায় পাওয়া যাচ্ছে শাহীন চৌধুরীর ১৭তম প্রকশনা ‘সময় দুঃসময়’
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৫০ পিএম
কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক শাহীন চৌধুরীর ১৭তম প্রকাশনা কবিতার বই ‘সময় দুঃসময়’।
বই মেলার ছায়াবিথী প্রকাশনীর ৩, ৪, ৫ এবং ৬ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে কবি ও কথাসাহিত্যিক সাংবাদিক শাহীন চৌধুরীর ১৭তম প্রকাশনা কবিতার বই ‘সময় দুঃসময়’। অক্ষরবৃত্ত মুক্ত ছন্দে রচিত কবিতাগুলোতে কবি প্রচলিত সহজ সরল শব্দ ব্যবহার করেছেন যা সহজেই পাঠকদের আকৃষ্ঠ করবে।
নব্বই দশকের রোমান্টিক কবি শাহীন চৌধুরীর আলোচিত কবিতার বই ‘সময় দুঃসময়’-এ প্রেম ভালোবাসার পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক অস্থিরতা, সমাজ জীবনের হতাশা, প্রকৃতি, রোহিঙ্গা নির্যাতন, গাজায় নারী শিশু হত্যা, ইউক্রেনে মানবতা লঙ্ঘনসহ নানা বিষয়ের কবিতা স্থান পেয়েছে।
শাহীন চৌধুরীর একাধিক কাব্যগ্রন্থ, উপন্যাস, ভ্রমণ কাহিনীসহ বহু প্রকাশনা রয়েছে। ইতিমধ্যে তার কবিতার বই সুনন্দা, উপন্যাস প্রবাসিনী, তৃতীয় নারী, নিরুদ্দেশ, ভ্রমণ কাহিনী গ্রেটওয়াল থেকে নায়াগ্রা, সিউল থেকে লং আইল্যান্ড, জাফলং থেকে সুন্দরবন, রাজনৈতিক গ্রন্থ তত্ত্বাবধায়ক ব্যবস্থা ও নিনিয়ান স্টিফেন, প্রবাস রিপোর্টিং বিষয়ক বই জাতিসংঘ ও লাইভ ওবামা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তরফদার প্রকাশনী তার ১২টি এবং ছায়াবিথী প্রকাশনী ৫টি বই প্রকাশ করেছে।
'সময় দুঃসময়’ বইটির প্রচ্ছদ এঁকেছেন কামাল হোসেন। সুন্দর সাদা কাগজে ছাপানো বইটির দাম ২৫০ টাকা। বই মেলা থেকে ক্রয় করলে পাঠকরা ৩০% মূল্য ছাড় পাবেন। বই মেলা ছাড়াও অনলাইনে রকমারি ডটকমে বইটি পাওয়া যাচ্ছে।


























