উজবেকিস্তানের বিপক্ষে পর্তুগালের ৫ গোল

মেসিকে নিয়ে প্রশ্ন করায় বিরক্তি রোনালদো

বিনোদন ডেস্ক

২৪ জুন ২০২৬, ০৮:১৯ এএম


মেসিকে নিয়ে প্রশ্ন করায় বিরক্তি রোনালদো

 

প্রথম ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে ১-১ গোলে ড্র করে পর্তুগাল। সেই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ম্যাচ শেষে টিভি ক্যামেরার সামনে নিজের পারফরম্যান্স নিয়ে চিৎকার করে বিরক্তিও প্রকাশ করেছিলেন তিনি। অন্যদিকে সমসাময়িক কিলিয়ান এমবাপ্পে কিংবা লিওনেল মেসিরা যখন একের পর এক গোল পাচ্ছিলেন, তখন ৪১ বছর বয়সী রোনালদোকে অনেকেই বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন। প্রশ্ন উঠেছিল—তবে কি ফুরিয়ে গেছেন এই কিংবদন্তি?

রোনালদোর রাজকীয় প্রত্যাবর্তন
সব সমালোচনা ও গুঞ্জনকে উড়িয়ে দিয়ে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচে দুর্দান্তভাবে ফিরে এলেন সিআর সেভেন। হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে পর্তুগাল। আর এই জয়ে জোড়া গোল করে রোনালদো বুঝিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি, বরং চেনা ছন্দে ফিরে এসেছেন। সমালোচকদের মনে করিয়ে দিলেন যে, কীভাবে কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে হয়, তা কিংবদন্তিরা ভালো করেই জানেন।

মেসিকে নিয়ে প্রশ্নে বিরক্তি
ম্যাচ জয়ের পর মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হন পর্তুগিজ অধিনায়ক। সেখানে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন করায় বেশ বিরক্ত হন তিনি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনা ও মেসি দুর্দান্ত ফর্মে আছেন; গ্রুপ পর্বের দুই ম্যাচেই হ্যাটট্রিকসহ মোট ৫টি গোল করেছেন মেসি। মিক্সড জোনে এক সাংবাদিক স্প্যানিশ ভাষায় রোনালদোর কাছে জানতে চান, বিশ্বকাপের পরবর্তী কোনো ধাপে তিনি মেসির মুখোমুখি হতে চান কি না, যা হতে পারে দুজনেরই সম্ভাব্য বিদায়ী বিশ্বকাপ ম্যাচ।

মেসিকে নিয়ে করা এই প্রশ্নের জবাবে রোনালদো মুখে বিরক্তি প্রকাশ না করলেও তাঁর উত্তর ছিল বেশ কড়া। তিনি বলেন, “কী উত্তর দেব বুঝতে পারছি না, কারণ প্রশ্নটাই অর্থহীন। এমনটা (মেসির মুখোমুখি হওয়া) হলে তো দারুণ হতো। তবে সবচেয়ে বড় বিষয় ছিল গ্রুপ পর্ব পার হতে ম্যাচটা জেতা এবং সামনের লড়াইয়ের জন্য নিজেদের প্রস্তুত করা। আমরা জানি, কলম্বিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচটা বেশ কঠিন হবে। আমি ভালো খেলেছি, গোল পেয়েছি এবং দলকে সাহায্য করতে পেরেছি; পুরো দলই আজ দারুণ খেলেছে।”

প্রথম প্রশ্নের পর পর্তুগাল দল নিয়ে আরও কিছু প্রশ্ন করা হয়। কিন্তু শেষ প্রশ্নে আবারও এক সাংবাদিক মেসি ও এমবাপ্পের প্রসঙ্গ টেনে বলেন, “গতকাল রাতে মেসি দুই গোল করেন, এমবাপ্পেও...” —এইটুকু বলতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন রোনালদো। সাংবাদিককে প্রশ্ন শেষ করতে না দিয়েই তিনি পাশ ফিরে অন্য এক সাংবাদিককে প্রশ্ন করার ইশারা করেন এবং পর্তুগিজ ভাষায় বলেন, “দালে, দালে, দালে (বলুন, বলুন, আপনিই বলুন)।”

এরপর সেই পর্তুগিজ সাংবাদিক জানতে চান, রোনালদো কি আরও একটি প্রশ্নের উত্তর দিতে চান কি না। জবাবে পর্তুগাল অধিনায়ক স্পষ্ট জানিয়ে দেন, “প্রশ্নের ওপর নির্ভর করছে, ভালো না হলে উত্তর দেব না।” তখন সেই সাংবাদিক প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে রোনালদো শেষ পর্যন্ত বিশ্বকাপে তাঁর চেনা ছন্দে ফিরতে পারলেন কি না, তা জানতে চাইলে রোনালদো ইতিবাচক মনোভাব দেখান।

Ads