পরিকল্পিত শ্রম অসন্তোষ ও ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান শ্রম মন্ত্রীর

শেখ মোহাম্মদ তাজুল ইসলাম

১৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম


পরিকল্পিত শ্রম অসন্তোষ ও ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান শ্রম মন্ত্রীর

১৩ অক্টোবর মঙ্গলবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার শিল্পাঞ্চলের সামগ্রিক শ্রম পরিস্থিতি এবং নিরাপদ অভিবাসন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

 নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী নারায়ণগঞ্জের সার্বিক শ্রম পরিস্থিতি এবং দেশের শিল্প খাতের সুরক্ষা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, তিনি সময়ে সময়ে নারায়ণগঞ্জের শ্রম অসন্তোষের বিভিন্ন বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রেখেছেন।

 শিল্প খাতকে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন যে, একদল লোক পরিকল্পিতভাবে শ্রম অসন্তোষ তৈরি করতে চাচ্ছে। তারা ছোটখাটো ইস্যুকে বড় বানিয়ে দেশের শিল্প খাতকে নষ্ট করার পরিকল্পনা করছে। তবে সবাই সতর্ক থাকলে কেউ কোনো ষড়যন্ত্র সফল করতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। শ্রমিক কল্যাণ ও দক্ষতা উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহ তুলে ধরে মন্ত্রী আরও ঘোষণা করেন যে, আগামী ৭ নভেম্বর থেকে নারায়ণগঞ্জের শ্রম কল্যাণ কেন্দ্র নতুন উদ্যোমে চালু হবে। এছাড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং মেরিন ইনস্টিটিউটে প্রশিক্ষকের ঘাটতি পূরণের বিষয়ে অবহিত হয়েছেন এবং অচিরেই সেখানে নতুন প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে। 

শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের সন্তানদের মধ্যে যারা মেধাবী তাদের লেখাপড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করা হবে। পাশাপাশি কোনো শ্রমিক দুর্ঘটনায় আহত হলে শ্রম মন্ত্রণালয়ে আবেদন করলে 'শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন' থেকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিরাপদ অভিবাসন ও প্রবাসী বাংলাদেশিদের সচেতনতার বিষয়ে মন্ত্রী সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সময়কার বিভিন্ন সংবেদনশীল বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করাসহ সংশ্লিষ্ট দেশের আইন ভঙ্গ করার কারণে প্রবাসীরা বিভিন্ন সমস্যায় পড়ছে। তাই বিদেশে অবস্থানরত সবাই যেন স্ব স্ব দেশের আইন মেনে চলেন, সে ব্যাপারে ব্যাপক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি। 

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য মমতাজ আলো, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রহমান তরফদার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ ফরহাদ সিদ্দিক, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক জামিল আহমেদ, এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুছ সামাদ আল আজাদসহ, উপসচিব মোহাম্মদ শামছুল ইসলামসহ মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Ads