আল হিলালে মিনিটে ৩০ কোটি টাকা পাচ্ছেন নেইমার
১২ জানুয়ারি ২০২৫, ০১:৫৯ পিএম
বিশাল অঙ্কে নেইমারকে বার্সেলোনা থেকে দলে ভিড়িয়েছিল পিএসজি। শুরুটা ভালো হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে চোট জর্জরিত হয়েছেন নেইমার। সেই নেইমার এরপর সৌদি আরবের ক্লাব আল হিলালে নাম লেখালেও চোট তার পিছু ছাড়েনি। আল হিলালে নাম লেখানোর ১৮ মাসে নেইমার খেলেছেন মোটে ৭ ম্যাচ। তবে এ সময়ে চুক্তির পুরো টাকাটাই পকেটে পুরেছেন তিনি। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠতে পারে যে কারও।
নেইমার চোটে পড়ে মাঠের বাইরে থাকলেও তাঁকে বেতন দেওয়া তো আর বন্ধ করতে পারেনি আল হিলাল! তাহলে যে চুক্তির খেলাপ হয়ে যেত। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার।
যার মানে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!
এসিএল চোটের কারণে নেইমার এখন মাঠের বাইরে। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত অর্থ দিয়ে শ্বেতহস্তী কোন প্রতিষ্ঠানই–বা কত দিন আর পুষতে চায়! তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়। মাঝে ইন্টার মায়ামিতে মেসি–সুয়ারেজদের সঙ্গে যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও দলটির কোচ তা নাকচ করে দিয়েছেন। নেইমারের পরবর্তী গন্তব্য হতে পারে নিজের দেশেরই কোনো ক্লাব।
কিন্তু সৌদি আরব ছাড়ার আগে স্রেফ বসে বসেই (যদিও বাধ্য হয়েই) কামিয়ে যাচ্ছেন মিনিটে কোটি কোটি টাকা।

































