ঈদুল আযহায় স্পেশাল ক্যাপসিকামের আচারি ভুনা
৩০ নভেম্বর -০০০১, ১২:০০ এএম
ঈদ মানে আনন্দ আর ঈদুল আযহা মানে পশু কুরবানী করা। তাই এই ঈদে ধনী-গরীব সবাই কম বেশি পশু কুরবানী করে থাকেন। তাই সব সময় মাংস নাড়াচাড়া করতে করতে অনেকেই মাংসের প্রতি বিরক্ত বোধ করেন। আর তারা মনে করেন একটু আলাদা ধরণের সবজির কিছু হলে ভাল হত। আর প্রত্যেক গৃহিণীও চান নিত্য নতুন কিছু তৈরি করতে। তাই আপনাদের জন্য আজ নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। আর সেটা হল স্পেশাল ক্যাপসিকামের আচারি ভুনা। এটা এমন একটি সবজি যেটা আপনি শুধু সাদা ভাত নয়, পোলাওয়ের সাথেও স্বাভাবিকভাবে পরিবেশন করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই স্পেশাল ক্যাপসিকামের আচারি ভুনা তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণঃ
ক্যাপসিকাম টুকরা ২ কাপ
পেঁয়াজ কুচি এক কাপ
আদা-রসুন বাটা ২ টেবিল চামচ
হলুদ, মরিচ, ধনিয়া, জিরা গুঁড়ো মিলে ২ চা চামচ
পাঁচ ফোড়ন ২ চা চামচ
মেথি গুঁড়ো ১/৩ চা চামচ
টমেটো পেস্ট ১ টেবিল চামচ
টক দই ১ টেবিল চামচ
সরিষার তেল ২ টেবিল চামচ/যেকোনো তেল
লবণ স্বাদমত
কার্যপ্রণালী প্রণালিঃ
প্রথম ধাপঃ ক্যাপসিকাম টুকরাগুলোকে অল্প হলুদ গুঁড়ো মেখে প্যানে হালকা তেলে একটু লাল করে ভেজে নিয়ে বাটিতে উঠিয়ে রাখুন।
দ্বিতীয় ধাপঃ এবার এই প্যানে তেল দিয়ে তেলটা গরম হলেই পাঁচ ফোড়ন দিন। ফোটার শব্দ হলেই পেঁয়াজ কুচি দিয়ে লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিন।
তৃতীয় ধাপঃ এতে আদা রসুন-বাটা, হলুদ-মরিচ-ধনিয়া-জিরা গুঁড়ো দিন। টক দই, টমেটো পেস্ট আর মেথি গুঁড়ো দিয়ে দিন।
চতুর্থ ধাপঃ একটু ভুনে নিন ৫ মিনিটের জন্য।
পঞ্চম ধাপঃ এবার ভাজা ক্যাপসিকাম টুকরা, স্বাদমতো লবণ আর অল্প পানি দিয়ে রান্না করুন। আরও ১৫ মিনিট পর উপরে কাঁচা মরিচ ফালি ছিটিয়ে দিন।
ষষ্ঠ ধাপঃ নিজের ইচ্ছামত পরিবেশন করুন।




















