হত্যা মামলায় হাতীবান্ধার ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিদিনেরচিত্র ডেস্ক

০৯ আগস্ট ২০২১, ০৮:১৬ পিএম


হত্যা মামলায় হাতীবান্ধার ছাত্রলীগ নেতা গ্রেফতার

সংগৃহীত ছবি

লালমনিরহাটের হাতীবান্ধা শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলামকে (৩২)  গ্রেফতার করেছে সিআইডি।

 

সোমবার (০৯ আগস্ট) বিকেল সাড়ে ৩ টার দিকে লালমনিরহাট জেল হাজতে পাঠিয়েছেন বলে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম নিশ্চিত করেন। এর আগে আজ সকালে উপজেলার দোলাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রশিদুল ইসলাম উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এছাড়া সে বড়খাতা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ সভাপতি।

 

জানা গেছে, ২০২০ সালের ২৯ নভেম্বর হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর সাথে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী সাথে জমি নিয়ে সংঘর্ষ বাধে। এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন ব্যাপক মারধরের শিকার হয়। শামিম চিকিৎসাধীন অবস্থায়  ৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেন। এ ঘটনায় শামিম হোসেনের বোন: আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলার প্রধান আসামী তোয়াব আলী (৩৮) গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। পরর্বতীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

এ বিষয়ে হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম জানান, হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় লালমনিরহাট সিআইডি পুলিশ রশিদুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে।

 

প্রতিদিনের চিত্র/সিপন/এমএইচকে

Ads