শাহজাদপুরে শিশু ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদন্ড
২৭ নভেম্বর ২০১৯, ০৪:৩৭ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের হামলাকোলা গ্রামের শিশু ছাত্রী (১১) ধর্ষণ মামলায় হাবু খাঁ (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশও দেয়া হয়েছে। দন্ডাপ্রাপ্ত হাবু ওই উপজেলার ডায়া খাঁ পাড়া গ্রামের শের আলী খাঁর ছেলে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো.নাজির অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।
এ বিষয়ে এ আদালতের বিশেষ পিপি এ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু জানান,২০১৬ সালের ২২ জুন সকালে শাহজাদপুর উপজেলার হামলাকোলা গ্রামের ১১ বছরের শিশু ছাত্রী প্রাইভেট পড়ার জন্য তার প্রতিবেশী এক বান্ধবীকে ডাকতে যাচ্ছিল। এ সময় স্থানীয় স্কুলের পিছনের পাট ক্ষেতের রাস্তায় লম্পট হাবু খাঁ তাকে একা পেয়ে তার মুখ চেপে ধরে পাশের পাট ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিষয়টি জানায়। পরে মেয়েটির বাবা বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ হাবুর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক এ দিন এ রায় প্রদান করেন।






















