বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ২০
৩০ এপ্রিল ২০২৫, ০৪:৫৩ পিএম
ঝিনাইদহ সদরে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ২০ জন। আহতদের জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার দীঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত হন মোশারফ মোল্লা নামের এক ব্যক্তি। সে ঝিনাইদহ সদর উপজেলা দীঘির পাড় গ্রামের মৃত শমসের মোল্লার ছেলে। আহতদের মধ্যে জাহাঙ্গীর নামের একজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দীঘিরপাড় গ্রামের বিএনপি নেতা আলিম উদ্দিন মেম্বারের সঙ্গে স্থানীয় বিএনপি নেতা কাওসার মোল্লার বিরোধ চলে আসছিল। আজ বুধবার সকালে মোশারফের সঙ্গে কাওসার মোল্লার লোকজনের বাগবিতণ্ডা হয়।
পরে কাওসার মোল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোশারফসহ তার লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান মোশারফ।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।’



























