মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারকে করতে হবে : নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম


মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারকে করতে হবে : নাহিদ ইসলাম

 

‘মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে বলে মত দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের ভিত্ত্বিতে জনগণের কাছে সংস্কারের যে প্রতিশ্রুতি দেওয়া ছিল তারই ধারাবাহিকতা মেনে জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শনিবার (১৫ মার্চ) দুপুর রাজধানীতে অবস্থিত হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দরোও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপির পক্ষ থেকে সংস্কার বিষয়ে যে অবস্থান, অর্থাৎ গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিপ্রেক্ষিতে যে সরকার গঠিত হয়েছে, সেখানে সংস্কার ও বিচার অন্যতম কমিটমেন্ট জনগণের কাছে। ফলে মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়েই তৈরি করতে হবে। সব রাজনৈতিক দল মিলে একটা ঐকমত্য পোষণ করতে হবে, যেটাকে জুলাই সনদের কথা বলা হচ্ছে। জনগণের কাছে সংস্কারের ক্ষেত্রে আমাদের যে কমিটমেন্ট ও ধারাবাহিকতা, সেটার জন্য জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের কথা বলেছি।

তিনি বলেন, ‘৫ আগস্ট-পরবর্তী যে বাংলাদেশ এবং যে গণতন্ত্র একটা রিফর্ম (সংস্কার) প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে আলোকপাত করা হয়েছে। রিফর্ম কমিশনের প্রধানরা তাদের যে প্রতিষ্ঠানের সংস্কার নিয়ে কাজ করছেন, সেটার সারসংক্ষেপ ও পরিকল্পনা তারা তুলে ধরেছেন। একই সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংস্কার বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেছেন।’

উল্লেখ্য, গোলটেবিল বৈঠকের আগে ‘জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতা’দের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজসহ বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

 

Ads