শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ হস্তান্তর আগামীকাল

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৭ অক্টোবর ২০২৫, ০৮:৫৯ পিএম


শেষ বৈঠক ঐকমত্য কমিশনের, সুপারিশ হস্তান্তর আগামীকাল

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি- সংগৃহীত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও রূপরেখা চূড়ান্ত করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে সরকারের কাছে।

এর আগে সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

সমাপনী বৈঠকে প্রধান উপদেষ্টা কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রণয়ন পর্যন্ত সব নথি, চিঠিপত্র, বৈঠকের অডিও-ভিডিও ও ছবি সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘এগুলো মহামূল্যবান সম্পদ। জাতি হিসেবে আমরা কোন প্রেক্ষাপটে, কী প্রক্রিয়ায়, কোন সিদ্ধান্তে পৌঁছেছি, তা দীর্ঘমেয়াদে সংরক্ষণ ও গবেষণার জন্য উন্মুক্ত রাখা দরকার। এগুলোই হবে ভবিষ্যতের রাজনৈতিক ইতিহাসের দলিল।’

তিনি বৈঠকে রাজনৈতিক দল, কমিশনের কর্মকর্তা, গবেষক ও গণমাধ্যমকর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
সমাপনী বৈঠকে কমিশন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করার পাশাপাশি অন্য সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নেও সরকারের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের তিনটি মূল দায়িত্বের (বিচার, সংস্কার, নির্বাচন) মধ্যে কাঠামোগত সংস্কারের রূপরেখা তৈরি করাই কমিশনের প্রধান কাজ ছিল। রাজনৈতিক দলগুলোর মধ্যেও সংস্কারের আকাঙ্ক্ষা স্পষ্ট ছিল, তারা অত্যন্ত ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে সংলাপে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘চব্বিশে ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থান আমাদের যে সুযোগ দিয়েছে, সেটি হারানো যাবে না। কমিশন দায়িত্ব শেষ করেছে; আনুষ্ঠানিকভাবে হস্তান্তর হবে মঙ্গলবার। কমিশনের মেয়াদ শেষ হবে ৩১ অক্টোবর। এরপরও সরকারের প্রয়োজনে আমরা নাগরিক হিসেবে সহযোগিতা করব।’

Ads