বাইরে কিছুটা কমেছে চালের দাম, প্রভাব নেই রাজধানীতে
২২ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
ছবি- সংগৃহীত।
চালের বাজার নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ সারা দেশে নিয়মিত অভিযান চালাচ্ছে সরকার। এতে ঢাকার বাইরের জেলাগুলোতে পাইকারি ও খুচরায় চালের দাম কিছুটা কমলেও রাজধানীর খুচরা বাজারে দাম কমার প্রভাব নেই। তবে রাজধানীর বড় পাইকারি বাজারগুলোতে চালের দাম কিছুটা কমেছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জাতীয় নির্বাচনের পরপরই চালের দাম হুট করেই বস্তাপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত বেড়ে যাওয়ার পর গত মঙ্গলবার থেকে সারা দেশে মজুদবিরোধী অভিযান শুরু করে খাদ্য মন্ত্রণালয়।
নিয়মিত অভিযানের কারণে পাইকারি পর্যায়ে কিছুটা দাম কমতে শুরু করেছে। বিক্রেতারা বলছেন, বস্তায় ৩০০ টাকা বাড়লেও অভিযানের কারণে কমেছে প্রায় ১০০ টাকা।
দিনাজপুর : দিনাজপুরে অভিযানের পর নামমাত্র চালের দাম কমেছে, ধানের দামে ঘটেছে বড় দরপতন।
কুষ্টিয়া : জেলা প্রশাসক গতকাল বিকেলে চালকল মালিক, আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভা করেন। সভায় জেলা প্রশাসক এহেতেশাম রেজা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতি কেজি সরু চাল ৬৪ টাকার বেশি হলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল কুষ্টিয়ার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, খাজানগর মিলগেট এলাকায় সব ধরনের চালের দাম কেজিতে চার টাকা করে বেড়েছে। চালকল মালিকরা এই দাম বৃদ্ধির জন্য ধানের মূল্যবৃদ্ধিকে দায়ী করলেও জেলা প্রশাসকের মতবিনিময়সভায় চালকল মালিকরা ধানের দাম বৃদ্ধির কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি।
শেরপুর : দুই দিন ধরে চলের দাম কেজিপ্রতি দেড় থেকে দুই টাকা করে কমলেও পাঁচ দিন আগে বেড়েছিল পাঁচ-ছয় টাকা করে। চাল ব্যবসায়ীরা বলছেন, চালকল মালিকরা চালের দাম যখন বাড়ান, তখন বেশি দামে কিনে বেশি দরেই বিক্রি করতে হয়। পক্ষান্তরে চালকল মালিকরা বলছেন, বাজারে ধানের সরবরাহ কম থাকায় ধানের দাম বেড়েছে।
নওগাঁ : গত শনিবার বিকেল পর্যন্ত ২৬টি ধান-চাল ব্যবসাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছেন ভ্রাম্যমাণ আদালত। চার দিনের অভিযানে ১১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে চালের খুচরা বাজারে কেজিপ্রতি দাম কমেছে এক টাকা করে।



















