দেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১১ জন
২৫ ডিসেম্বর ২০২৩, ১১:০৯ পিএম
ছবি- সংগৃহীত।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। এ সময় কারও মৃত্যু হয়নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৪৬ হাজার ২১৮ জন।
এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৭৭ জনের।
সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪২৯টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫৬ লাখ ২৭ হাজার ৭৫৫টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে পাঁচজন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২০ লাখ ১৩ হাজার ৯০১ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ০৯ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৪২ শতাংশ ও মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


















