৩০ দিনে ২১২ গাড়িতে আগুন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২৮ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম


৩০ দিনে ২১২ গাড়িতে আগুন

ছবি- সংগৃহীত।

 

উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে গত এক মাসে ২১২টি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে বাস ১৩২টি। গত ২৮অক্টোবর থেকে ২৮নভেম্বর সকাল ৬টা পর্যন্ত এ অগ্নিসংযোগের খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

 

মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

ফায়ার সার্ভিস বলেছে, এক মাসে আগুনের ঘটনা ঘটেছে ২২৩টি। এর মধ্যে ২১২টি গাড়িতে এবং বাকিগুলো স্থাপনায়।

 

সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত ২৪ঘণ্টায় ৫টি যানবাহনে আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে হবিগঞ্জে ১টি ট্রাক এবং ঢাকা, টাঙ্গাইল ও খুলনায় ১টি করে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া পাবনার ইশ্বরদী রেল জংশনে ঢাকা কমিউটার ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে।

 

আগুন নির্বাপণে করতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ও ৫০জন জনবল কাজ করেছে।

 

২৮অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ পণ্ড করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এর পর থেকে দলটি হরতাল ও অবরোধের মতো ধারাবাহিক কর্মসূচি দিয়ে আসছে। এসব কর্মসূচিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। 

Ads