মিস ইউনিভার্সের মঞ্চে বাংলাদেশকে এগিয়ে নিতে ভোট চাইলেন মাহি
১৩ নভেম্বর ২০২৬, ১১:০০ এএম
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ সামিরা খান মাহি। এরই মধ্যে শুরু হয়েছে মিস ইউনিভার্সের অফিশিয়াল ফ্যান ভোটিং। বিশ্বমঞ্চে দেশের অবস্থান শক্ত করতে এবার দেশবাসীর কাছে ভোট ও পূর্ণ সমর্থন চেয়েছেন তিনি।
মাহি বুধবার (১১ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে ভক্ত ও দেশবাসীর প্রতি এই আহ্বান জানান। পোস্টে তিনি লেখেন, ‘চলুন, বাংলাদেশকে নিয়ে যাই শীর্ষে! মিস ইউনিভার্সের ফ্যান ভোটিং আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে! আসুন, আমরা সবাই একসঙ্গে বাংলাদেশের পাশে দাঁড়াই এবং আমাদের পূর্ণ সমর্থন জানাই।’
যেভাবে ভোট দেবেন মাহিকে
ভক্তদের ভোট দেওয়ার প্রক্রিয়াও জানিয়ে দিয়েছেন মাহি। এ জন্য প্রথমে App Store অথবা Google Play Store থেকে MU FAN অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর অ্যাপটি খুলে Vote অপশনে গিয়ে Miss Universe Bangladesh নির্বাচন করে ভোট দিতে হবে।
প্রসঙ্গত, গত ৭ নভেম্বর রাতে রাজধানীতে জমকালো আয়োজনে সামিরা খান মাহির মাথায় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’-এর মুকুট পরিয়ে দেন গত বছরের বিজয়ী ও তার ঘনিষ্ঠ বন্ধু তানজিয়া জামান মিথিলা। এই খেতাব অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন মাহি। আগামী ২৪ নভেম্বর ক্যারিবীয় দ্বীপাঞ্চলের পুয়ের্তো রিকোতে বসতে যাচ্ছে মিস ইউনিভার্সের ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন তিনি।
এর আগে ২০১৯ সালে শিরিন শিলা, ২০২৪ সালে আনিকা আলম এবং ২০২৫ সালে তানজিয়া জামান মিথিলা ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন। তবে বিশ্বমঞ্চে তাঁদের কেউ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেননি।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া এই প্রতিযোগীর পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এখন দেখার বিষয়, ভক্তদের ভোটে কতটা এগিয়ে যেতে পারেন মাহি।
























