খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জীপ খাদে পড়ে চালক নিহত
২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পিএম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী একটি জীপ গভীর খাদে পড়ে চন্দন দত্ত নামে চালক নিহত হয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের আলুটিলা-সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চন্দন দত্ত খাগড়াছড়ি পৌরসভার শহীদ কাদের সড়ক (বসুন্ধরা) এলাকার অমূল্য দত্তের ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানির ডিলার এসএস ট্রেডার্সের মালিক শিপসংকর দে’র গাড়ি চালাতেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সকালে মালামাল নিয়ে মাটিরাঙ্গা ও গুইমারার উদ্দেশে খাগড়াছড়ি থেকে রওনা হন চন্দন। সাপমারা এলাকায় পৌঁছালে জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গভীর খাদে পড়ে যায়।
খবর পেয়ে সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত জীপটি দুমড়েমুচড়ে যাওয়া অবস্থায় পাওয়া যায়। পরে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর সাড়ে ১২টার দিকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার এসআই মোবারক হোসেন বলেন, দুর্ঘটনাস্থলটি দুর্গম ও গভীর হওয়ায় শুরুতে মরদেহের সন্ধান পাওয়া যায়নি। পরে উদ্ধার অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আশ্রাফুল মুন্না জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




















