ওয়াসিমসহ ৬ হত্যার অভিযোগ গঠন আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর

চৈতন্য চ্যাটার্জী একে

১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম


ওয়াসিমসহ ৬ হত্যার অভিযোগ গঠন আবেদনের শুনানি ২১ সেপ্টেম্বর

ছবি- সংগৃহীত

ব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনসংক্রান্ত আবেদনের শুনানি আগামী ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

এর আগে মামলায় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। তিনি মামলার প্রাথমিক প্রমাণের (প্রাইমা ফেসি) ভিত্তিতে ২২ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানান।

মামলাটিতে বর্তমানে পাঁচ আসামি গ্রেপ্তার রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম-৬ আসনের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি। তবে তার আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন জানিয়েছে, আইন অনুযায়ী কোনো আসামি অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারলেও নির্দিষ্ট পরিস্থিতিতে তার অনুপস্থিতিতে মামলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

এর আগে গত ৪ জুন এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ওপর প্রসিকিউশনের শুনানি হওয়ার কথা ছিল। সেদিনও হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ফজলে করিম ট্রাইব্যুনালে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলায় গ্রেপ্তার পাঁচ আসামি হলেন—ফজলে করিম চৌধুরী, যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

এ ছাড়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

গত ১৩ মে পলাতক ১৭ আসামির পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের আদেশ দেন ট্রাইব্যুনাল। তাদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আমির হোসেন, আবুল হাসান, ইশরাত জাহান ও মোহাম্মদ এনাম।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ৫ এপ্রিল ২২ আসামির বিরুদ্ধে তিনটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। পরে ৭ এপ্রিল ট্রাইব্যুনাল-২ অভিযোগগুলো আমলে নেন।

মামলার প্রথম অভিযোগে ওয়াসিম আকরাম, ফয়সাল আহমেদ শান্ত ও মো. ফারুককে হত্যার অভিযোগ আনা হয়েছে। দ্বিতীয় অভিযোগে তানভীর সিদ্দিকী, সায়মন ওরফে মাহিম ও হৃদয় চন্দ্রকে হত্যার অভিযোগ রয়েছে।

Ads