মনোনয়ন বঞ্চিত গোলাম মোস্তফার সমর্থকদের টানা চতুর্থ দিনের মশাল মিছিল
১০ নভেম্বর ২০২৫, ১১:১৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাট-২ আসনে (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) বিএনপির মনোনয়ন না পেয়ে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা চর্তুথ দিনের মত বিক্ষোভ ও মশাল মিছিল করেছে।
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর বাজারে বিক্ষোভ ও মশাল মিছিল করেন তারা। এসময় আব্দুল বারীর মনোনয়ন বাতিল করার আহবান জানান ।
মশাল মিছিলে বিক্ষোভকারীরা মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন প্রদানের দাবি জানান। তারা আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে “অতিথি পাখিকে চাই না, তাকে মানি না মানবোনা” বলে মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। এসময় তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাঁকে রাজনৈতিক মাঠে কখনো দেখা যায়নি, এমনকি কোনো আন্দোলন সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, উপজেলা যুব দলের সাবেক নেতা এসএম শামীম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মাহফুজসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ পরবর্তী সমাবেশে তারা বলেন, জয়পুরহাট-২ আসনের রাজনৈতিক বাস্তবতা সম্পর্কে অজ্ঞ একজন অবসরপ্রাপ্ত আমলাকে মনোনয়ন দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে এক প্রকার অস্থিরতা বিরাজ করছে। তিনি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি। দুর্দিনে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সে এলাকায় আসেননি। কেউ তাঁকে চিনেনও না। অবিলম্বে তার মনোনয়ন বাতিল করে পুনরায় ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে মনোনয়ন দেওয়ার জন্য দলের নীতি নির্ধারকদের প্রতি আহব্বান জানান।
গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল বলেন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাসহ আমরা বিগত আওয়ামী শাসন আমলে তাদের বহু অত্যাচার সহ্য করে রাজপথে টিকে ছিলাম। পক্ষান্তরে আব্দুল বারীকে এলাকায় কোনদিন দেখা যায়নি। তিনি হঠাৎ পরিস্থিতি বদলের পর অতিথি পাখির মতো এলাকায় এসে কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে মনোনয়ন নিয়েছে। তাই অবিলম্বে মনোনয়ন বাতিল করে করে গোলাম মোস্তফাকে দেওয়া হক। যদি মনোনয়ন মোস্তফাকে না দেওয়া হয় তলে জয়পুরহাট-২আসন জামায়েতের দিকে চলে যাওয়ার সম্ভবনা। তিনি বলেন, গত বৃহস্পতিবার আক্কেলপুরে আমরা বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়েছিলাম। সেখানে আব্দুল বারীর সমর্থকরা আমাকে রাস্তায় ফেলে মারধর করেছে।






























