আক্কেলপুরে রাখীবন্ধন উৎসব পালিত
২০ আগস্ট ২০২৪, ০২:০৩ পিএম
দুপচাচিঁয়া উপজেলার তালোড়া থেকে আসা বিনা আগরওয়ালা বড় দাদা ওমপ্রকাশ আগরওয়ালাকে রাখী পরিয়ে দেন।। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
ভাই-বোনের অটুট সম্পর্ক ও ভালোবাসার প্রতীক রাখীবন্ধন উৎসব। এইদিনে বোনেরা নিজের ভাইয়ের হাতে রক্ষাসূত্র বাঁধেন। গত সোমবার দিনব্যাপী রাখীবন্ধন উৎসব পালিত হয়েছে।
শ্রাবণ মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই উৎসব সারাদেশের মতো জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সনাতন ধর্মাম্বলী ও মাড়োয়ারী সম্প্রদায়রা পালন করেন ।
বিভিন্ন সনাতন ধর্মাম্বলী ও মাড়োয়ারী সম্প্রদায়ের বাড়িতে রাখীবন্ধন উৎসব মূখর পরিবেশ ও উপহার আদান প্রদানের মধ্য দিয়ে পালন করা হয়। এমন চিত্র দেখা যায় আক্কেলপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এর সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালার বাসায়। বগুড়া জেলার দুপচাচিঁয়া উপজেলার তালোড়া থেকে আসা বিনা আগরওয়ালা তার বড় দাদাকে রাখী পরিয়ে দেন।
ওমপ্রকাশ আগরওয়ালা প্রতিদিনের চিত্রকে বলেন, রাখী মানেই সম্প্রীতি-ভ্রাতৃত্বের বন্ধন ও রক্ষা উৎসব। রক্ষা বন্ধন উৎসবে ভাই-বোন কে রক্ষার প্রতিশ্রুতি এবং বোন ভাইয়ের কল্যাণ কামনায় প্রার্থনা করে থাকেন। এই পৃথিবীর সমস্ত কিছুই একে অপরের সঙ্গে এক নিবিড় বন্ধনে আবদ্ধ। মানব সংসারের এই বন্ধনের ভিত্তি হল স্নেহ, প্রেম, মায়া। তিনি আরো বলেন, আমার ছোট বোন বিনা দেবী দুপচাঁচিয়া তালোড়া থেকে ছুটে এসেছেন ভাইদেরকে রাখী পরিয়ে দেওয়ার জন্য। প্রতি বছরের ন্যায় এইদিনটির জন্য আমরা ভাই বোন অপেক্ষা করতে থাকি।






























