আক্কেলপুরে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা
১৫ জুন ২০২৪, ০৭:১৩ পিএম
আক্কেলপুর থানা। ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় এক গৃহবধূকে (৩০) ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার (১২জুন) ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। গত সোমবার (২৭ মে) রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের হরিশাদী গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযোগের তিনদিন পেরিয়ে গেলেও আক্কেলপুর থানা পুলিশের কোন ভূমিকা নেই বলে ওই গৃহবধূ সাংবাদিকদের জানান।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ঢাকায় কাজ করেন। তিন সন্তান নিয়ে ওই গৃহবধূ গ্রামের বাড়িতে থাকেন। ঘটনারদিন রাতে হরিশাদী গ্রামের ধান ভাংগা মিল মালিক মো: জিল্লুর রহমান ওই গৃহবধূর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন টের পেলে জিল্লুর রহমান পালিয়ে যায়। ওই গৃহবধূর স্বামী ঢাকা থেকে গত ৩১মে বাড়িতে ফিরে আসলে গৃহবধূ ঘটনাটি স্বামীকে অবহিত করেন। স্বামী গ্রামের গণ্যমান্য ব্যক্তি ও ইউপি সদস্যদেরকে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি জানান। এরপর গত মঙ্গলবার (১১জুন) গ্রামে মহিলা ইউপি সদস্য মোছা: হাসনা হেনা ও মো: আব্দুল মান্নান সরদারের উপস্থিতিতে গ্রাম্য সালিশ বৈঠক বসায়। বৈঠকে এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে সালিশটি ভেঙে যায়। অবশেষে গত বুধবার (১২জুন) গৃহবধূ নিজেই বাদী হয়ে আক্কেলপুর থানায় অভিযোগ দায়ের করেন।
আজ শনিবার (১৫জুন) দুপুর ১টায় আক্কেলপুর থানা চত্বরে উপস্থিত হয়ে গৃহবধূ ও তার স্বামী মোঃ শাহজার আলীসহ এলাকাবাসী ক্ষোভ ও দূঃখ প্রকাশ করে সাংবাদিকেদের জানান আমরা থানায় নিরুপায় হয়ে অভিযোগ করেও এখন পর্যন্ত কোন মামলা রুজু হয়নি ও সহযোগীতা পাচ্ছি না। বিবাদী পক্ষ আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিচ্ছে। আমরা এর ন্যায় বিচারের দাবী করছি।
হরিশাদী গ্রামের চঞ্চল ইসলাম বলেন, ওই গৃহবধূর সাথে জিল্লুর রহমানের ঘটনাটি সত্য। এ ধরনের ঘটনা ঘটলে গ্রামের মা-বোনেরা কোথায় যাবে? প্রশাসনিকভাবে আমরা যেন হেনস্ত না হয়। এঘটনার সঠিক বিচার হোক ও প্রকৃত দোষী ব্যক্তির দৃষ্টান্ত মূলক শান্তির দাবী করি।
অভিযুক্ত মো: জিল্লুর রহমান মুঠোফোনে বলেন, এটি একটি মিথ্যা ঘটনা। আমাকে ফাঁসানো হচ্ছে। বাদীরা আমার মিলের তেল চুরিও করেছে। আমি গ্রাম্য সালিশে গিয়েছিলাম তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সালিশটি ভেঙে ফেলে।
রায়কালী ইউনিয়নের ৭নং ইউপি সদস্য মো: আব্দুল মান্নান সরদার মুঠোফোনে বলেন, ধর্ষণের চেষ্টা ঘটনাটি সত্য। সেই সালিশি বৈঠকে আমি ছিলাম। যারা ধর্ষণের চেষ্টা করেছে তারাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।
রায়কালী ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রশিদ মুঠোফোনে বলেন, আমার কাছে বাদী পক্ষ কোন অভিযোগ করেনি । বিষয়টি জানার পরে উভয় পক্ষকে ইউনিয়ন পরিষদে ডেকে ছিলাম কিন্তু গৃহবধূর পক্ষ থেকে কেউ আসেনি। আমি তাদের সঙ্গে দেখা করলে গৃহবধূর স্বামী জানান আমরা থানায় অভিযোগ করব।
আক্কেলপুর থানার ওসি নয়ন হোসেন বলেন, ঘটনাটির তদন্ত সাপেক্ষে কিছুটা সত্যতা পাওয়ায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম মহোদয়ের সঙ্গে আলাপ করেছি এবং মামলা রুজুর প্রক্রিয়া চলছে।



























