ব্রাহ্মণবাড়িয়ায় জাল টাকা তৈরির সরঞ্জামসহ তিনজন গ্রেপ্তার
০৪ মে ২০২৪, ০৪:৫৩ পিএম
ছবি- সংগৃহীত।
ব্রাহ্মণবাড়িয়ার নিভৃতপল্লীর একটি বাড়িতে জাল টাকা তৈরি করছিলো একটি চক্র। শেষতক ওই চক্রের তিন সদস্য আটকা পড়লো এলিট ফোর্স র্যাবের জালে। জাল টাকা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (০৩ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়।
জাল টাকা তৈরি কার্যক্রমের সাথে সম্পৃক্ততার দায়ে গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কামালমুড়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে মো. সানি মিয়া (১৯), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার আদশা গ্রামের মৃত আ. রশিদ হাজীর ছেলে মো. রাসেল হাজী (৩২) এবং ফেনী জেলা সদরের আকরামপুর গ্রামের আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারি পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাধীন কামালমুড়া গ্রামের একটি বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বাংলাদেশী চার লাখ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল টাকা উদ্ধার করে। এসময় জাল নোট তৈরির স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ, কী বোর্ড, মাউস, মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল, এন্টি কাটার এবং খালি জারিকেনসহ আরও বিভিন্ন মালামাল পাওয়া যায়। সেখান থেকে জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত জাল টাকা, জাল নোট তৈরির সরঞ্জামাদিসহ তাদেরকে বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই চক্রের অন্যান্য সদস্য এবং যে কোন পর্যায়ের জাল নোট প্রস্তুতের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।
বিজয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, 'র্যাব কর্তৃক গ্রেপ্তারকৃত জাল নোট চক্রের তিন সদস্য এবং জব্দকৃত জাল টাকা ও মালামাল থানায় হস্তান্তরের পর র্যাব বাদী হয়েই গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।'
















