আক্কেলপুর কাঁচা বাজারে হটাৎ ধস
১৭ মার্চ ২০২৪, ০৭:৩৯ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
জয়পুরহাটের আক্কেলপুরে তিনদিনের ব্যবধানে শসা (খিরা) বেগুন, করলা হটাৎ অর্ধেক দামে নেমে এসেছে। সাধারণত রমজাম মাসে কাঁচা বাজারসহ দ্রব্য মূলের দাম বেড়ে যায়। সেদিক থেকে আক্কেলপুরের কলেজ বাজারে উল্টো চিত্র। রবিবার (১৭মার্চ) সকালে কাঁচা বাজার ঘুরে দেখা যায়, গত ৩/৪ দিন আগে যে শসা প্রতি মনের দাম ছিল ২হাজার থেকে ২২শ টাকা পর্যন্ত, সেই শসা এখন অর্ধেক দাম ৯শ থেকে ১ হাজার টাকায় নেমে এসেছে। একই চিত্র বেগুন ও করলাতেও গত তিন দিন আগে বেগুন ১হাজার থেকে ১২শ টাকা মন ছিল, বর্তমানে লড়ি বেগুন ১৫০ হতে ২শ ও হাজারি বেগুন ২শ থেকে ২৫০টাকা মন, গুটি করলা ২৬শ থকে ২৭শ টাকা মন ছিল বর্তমানে ৬শ থেকে ৭শ টাকায় প্রতিমন বিক্রি হচ্ছে।
কলেজ বাজারে শসা বিক্রি করতে আসা উপজেলার আওয়ালগাড়ী গ্রামের কৃষক আজিম উদ্দীন বলেন, গত ৩/৪দিন আগে আমি শসা (খিরা) বিক্রি করেছি ২হাজার থেকে ২২শ টাকা মন। কিন্তু আজ সেই শসা বিক্রি করলাম ৯শত টাকা মনে। কয়েক দিনের ব্যবধানে অর্ধেক দামে নেমে এসেছে। জানতে চাইলে তিনি আরও বলেন, এক বিঘা জমিতে খিরা চাষ করতে সার, কৃষাণ ও বীজসহ সব কিছু মিলে খরচ হয় প্রায় ১৫ হাজার টাকা। আর এক বিঘা জমিতে শসা আবাদ হয় ৭০ থেকে ৮০ মন। শসা ও সরিষা চাষে সবচেয়ে খরচ কম।

পাইকারি ক্রেতা মোঃ সোহেল রানা বলেন, আমি দূর্গাদহ থেকে আক্কেলপুর কলেজ বাজারে নিয়মিত এসে শসা ক্রয় করে রাজধানী ঢাকা সহ চট্টগ্রামে প্রতিদিন ২ ট্রাক শসা পাঠায়। গত কয়েক দিনের বাজার থেকে আজ অর্ধেক দামে শসা ক্রয় করেছি।
কলেজ বাজারের সবজি ব্যবসায়ী মোস্তফা বলেন, গত কয়েক দিনে সবজির দাম ছিল উর্ধমুখী ২ /৩ দিন থেকে বেগুন, করলা সহ অন্যান্য সবজি অর্ধেক দামে নেমে এসেছে। বর্তমানে সবজি সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। আজ সকালে পাইকারি বাজারে প্রতিমন লড়ি বেগুন ১৫০, হাজারি ২০০, লোদা বেগুন ৬শ থেকে ৭শ টাকা এবং করলা ৭শত টাকা মন কিনে বিক্রয় করছি।

কলেজ বাজারের কাঁচা মালের আরৎদার মোঃ টিটু বলেন, আমি প্রতিদিন ১শ বস্তা করে শসা কিনে ঢাকায় পাঠাই। রমজানের শুরুতে কাঁচা সবজির দাম ছিল আকাশচু্ম্বি। বর্তমানে বাজার নিম্নমুখী।



















