নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ধানের তুষ বোঝাই ট্রাক, চালক নিহত আহত ৩
২১ জানুয়ারি ২০২৪, ০৫:২৭ পিএম
ছবি- সংগৃহীত।
দিনাজপুর বিরামপুরে ধানের তুষ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন চালকের সহকারীসহ দুই মোটরসাইকেল আরোহী। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের বিরামপুর পৌর শহরের বেলডাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল ইসলাম (৪৮) দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের লাতি মঙ্গলুর ছেলে।
আহতরা হলেন, চালকের সহকারী শফিকুল (১৮), মোটরসাইকেল আরোহী গাইবান্ধা গোবিন্দগঞ্জের মোস্তাফিজার রহমান (৪৮) ও বিরামপুর উপজেলার পলিখাপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে নূরনবী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ধানের তুষ বহনকারী একটি ট্রাক দিনাজপুর থেকে বগুড়া শেরপুর যাচ্ছিল। পথে বিরামপুর পৌর শহরের বেলডাঙ্গা ফায়ার সার্ভিসের সামনে পৌঁছলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পাশে দোকানের বারান্দায় উল্টে পড়ে যায়। এতে ট্রাক ও দোকানের বারান্দার ইটের চাপায় ঘটনাস্থলে ট্রাকচালক রবিউর নিহত হন। এ সময় চালকের সহযোগী শফিকুল গুরুতর আহত হন।
পিছন থেকে একটি মোটরসাইকেল উল্টে যাওয়া ট্রাকে ধাক্কা দিলে দুইজন মোটর সাইকেল আরোহী আহত হন।
খবর পেয়ে বিরামপুর ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ পুলিশের সহায়তায় ইট ও ট্রাকের সাইট কেটে নিহত চালকে উদ্ধার করে। আহতদের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মোটরসাইকেল আরোহী নূরনবীর অবস্থা গুরুতর হওয়ায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করা হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা পারভীন জানান, হাসপাতালে যাঁদের আনা হয়েছিল তাঁদের মধ্যে একজন মারা গেছেন।
বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ মিয়া এসব তথ্য নিশ্চিত করছেন।

















