চট্টগ্রামে ঠান্ডাজনিত রোগের প্রকোপে হাসপাতালগুলোর শিশু ওয়ার্ডে বাড়তি চাপ
১৭ জানুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম
ছবি- সংগৃহীত।
ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে চট্টগ্রামে। বিশেষ করে শিশু এবং বয়স্করা নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বন্দরনগরীর সরকারি-বেসরকারি সব হাসপাতালের শিশু ওয়ার্ডে এখন বাড়তি চাপ। শয্যা সংখ্যার তুলনায় রোগী বেশি। প্রচণ্ড ঠান্ডার এ সময়ে সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের।
জ্বরের সাথে প্রচণ্ড কাশি, বুকে জমেছে কফ। শ্বাসকষ্ট শুরু হওয়ায় সাত মাস বয়সী শিশুটিকে ভর্তি করা হয় চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতালে। সন্তানের শয্যাপাশে বসে উদ্বিগ্ন মা। প্রচণ্ড ঠান্ডার কারণে এ অবস্থা- বলে জানান তিনি।
গত এক সপ্তাহ ধরে চট্টগ্রামে সরকারি-বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। শীতের পাশাপাশি বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল, জেনারেল হাসপাতাল এবং শিশু হাসপাতালে খালি নেই কোনো শয্যা। আক্রান্তদের বেশিরভাগই শিশু।
চিকিৎসকরা জানান, গত কয়েকদিন তাপমাত্রা কম থাকায় শিশুরা জ্বর, কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। চাপ বেড়েছে হাসপাতালের শিশু ওয়ার্ডে।
চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু বিভাগের প্রধান ডা. দিদারুল আলম বলেন, আইসিইউ যে রোগীরা আসেন তাদের বেশিরভাগই শীতজনিত রোগে আক্রান্ত হয়েই আসছেন। এই মৌসুমে সারাবিশ্বেই এটি বৃদ্ধি পায়।
































