দীর্ঘ ৭বছর পর মিরসরাই আ’লীগের কাউন্সিল, অংশ নিবেন ৬৪৫ কাউন্সিলর
১৬ নভেম্বর ২০১৯, ০৫:৪৪ পিএম
দীর্ঘ সাত বছর পর আজ শনিবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। গত এক মাসের বেশি সময় ধরে এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। অবশেষে উপজেলার শীর্ষ দুই পদে নেতা নির্বাচন প্রক্রিয়ার অবসান হতে যাচ্ছে।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী জানান, এবারের কাউন্সিলে তৃণমূলসহ মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নিবেন। এছাড়া কাউন্সিলের দিন সমগ্র উপজেলার ১৮ টি দলীয় ইউনিট থেকে প্রায় ১৫ হাজার মানুষের সমাগম ঘটবে। শনিবার বিকাল ৩টায় উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম চৌধুরী এমপি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এম.এ সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন।
দীর্ঘ সময় পর ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাউন্সিল ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমেজের কমতি নেই। বিভিন্ন হাট-বাজার, পাড়া মহল্লায় সম্ভাব্য প্রার্থীদের পোষ্টার-পেষ্টুন শোভা পাচ্ছে। এছাড়া কাউন্সিল অনুষ্ঠান সফল করতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বৈঠকের পর বৈঠক করছেন। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কাউন্সিল সফল করতে তৃণমূল নেতৃবৃন্দকে বিভিন্ন দিকনির্দেশনা দেন উত্তর জেলা আওয়ামী লীগের প্রভাবশালী এ নেতা।
কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে জসিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মহোদয়ের নিজের এলাকা মিরসরাই। তাই এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে আমাদের প্রস্তুতি ব্যাপক। দলীয় কাউন্সিলর ছাড়াও অন্তত ১৫ হাজার নেতাকর্মীর সমাগম ঘটবে এখানে। মাঠ পর্যায়ে এ নিয়ে ব্যাপক প্রস্তুতিও রাখা হয়েছে। এছাড়া কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে সমগ্র মিরসরাইতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে আগ্রহ সৃষ্টি হয়েছে।’
এদিকে এবারের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী মাঠে প্রচার প্রচারণা চালিয়েছে। পাশাপাশি কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তবে ধারণা করা হচ্ছে এবার নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভোট নাও হতে পারে। সমঝোতার ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।
এ ক্ষেত্রে মাঠে সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা ও সদস্য ফেরদৌস হোসেন আরিফ। এছাড়া সাধারণ সম্পাদক হিসেবে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের নাম শোনা যাচ্ছে।
এদিকে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের স্থানীয় নেতা নির্বাচনের এ প্রক্রিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন এলাকায় মিছিল, সভা-সমাবেশ করছে দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। তারা কাউন্সিল অনুষ্ঠানে যোগ দিতে সর্বস্তরের নেতাকর্মীদের আহবানও জানাচ্ছেন।
দলীয় কাউন্সিলে কেমন নেতা নির্বাচন চায় তৃণমূল এমন প্রশ্নের জবাবে উপজেলার ৯ নং মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শামসুল আলম দিদার বলেন, ‘উপজেলা পর্যায়ে দল চালাতে অভিজ্ঞতার বিকল্প নেই। তবে আমরা চাই নতুন এবং পুরাতনে মিলিয়ে একটি শক্তিশালী কমিটি।’
কাউন্সিলের মাধ্যমে নেতা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে উপজেলার ৮ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলেই মানার আগ্রহ নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি। আশা করছি শনিবারের সম্মেলনের মধ্যদিয়ে সুযোগ্য নেতা নির্বাচন সম্পন্ন হবে।’
































