পুকুরে ভাসমান কার্টুনে নবজাতকের মরদেহ!
১৬ অক্টোবর ২০১৯, ০৯:০৩ পিএম
অপরিণতাবস্থায় ভূমিষ্ঠ হলো নবজাতক। তাই হয়তোবা বাঁচেনি। আর এজন্য তাকে কার্টুনে ভরে ফেলে দিতে হবে পুকুরে? বাস্তবে এমনটিই ঘটলো ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা এলাকায়। শেষতক পুকুর থেকে কার্টুনে ভরা নবজাতকের মরদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাগবাড়ি এলাকার একটি পুকুর থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এলাকাবাসী এবং পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে বাগবাড়ি এলাকার একটি পুকরে কার্টুনে ভরা এক নবজাতকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। সকাল সাড়ে ১০টার দিকে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অপরিপক্ক হওয়ায় ভূমিষ্ঠের পরপরই নবজাতকটির মৃত্যু হয়েছে। পরে রাতের আঁধারে কেউ কার্টুনে ভরে মরদেহটি পুকুরে ফেলে গেছে।
সরাইল থানার পরিদর্শক (ওসি) শাহাদাত হোসেন বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, 'এই বিষয়ে প্রয়োজনীয় অাইনানুগ ব্যবস্থা নেয়া হবে।'
































