সানডের জোড়ায় জয়ে ফিরল মোহামেডান

স্পোর্টস ডেস্ক

০২ মে ২০২৫, ০৮:০৪ পিএম


সানডের জোড়ায় জয়ে ফিরল মোহামেডান

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয়ে ফিরেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। শুক্রবার (২ মে) কুমিল্লায় নিজেদের হোম ভেন্যুতে পুলিশ ফুটবল ক্লাবকে ৩-১ ব্যবধানে হারিয়েছে তারা। তবে এই জয় খুব সহজে ধরা দেয়নি সাদাকালোদের।

কুমিল্লায় ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই জাল খুঁজে পায়নি। সব রোমাঞ্চ তোলা ছিল দ্বিতীয়ার্ধের জন্য। এই অর্ধ শুরুর কিছু সময় পরই ৫২ মিনিটে মোহামেডানকে প্রথম এগিয়ে দেন নাইজেরিয়ান ফুটবলার এমানুয়েল সানডে।

তবে পুলিশকে পেনাল্টি উপহার দিয়ে লিড নিয়ে আলফাজের শিষ্যরা। পেনাল্টি কাজে লাগিয়ে পুলিশকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিলো।

তবে ৮৬ মিনিটে সেই পেনাল্টিতেই ম্যাচে ফেরার পথ খোলে মোহামেডানের। দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতেকে বক্সের মধ্যে পেছন থেকে লাথি দেন পুলিশের ডিফেন্ডার। রেফারি আনিসুর রহমান পেনাল্টির বাঁশি বাজান। উজবেক মিডফিল্ডার মোজাফফরভ পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করলে আবার এগিয়ে যায় মোহামেডান।

খেলার একেবারে শেষদিকে দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে এমানুয়েল সানডে একক প্রচেষ্টায় গোল করলে জয় সুনিশ্চিত হয় মোহামেডানের।

মোহামেডান গত সপ্তাহে লিগের ম্যাচে আবাহনীর বিপক্ষে কুমিল্লায় দশ জন নিয়ে ড্র করেছিল। আজ পুলিশকে হারিয়ে শিরোপা দৌড়ে খানিকটা এগিয়ে থাকল। ১৩ ম্যাচে সাদা কালোরা ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলে এককভাবে শীর্ষে। সমান ম্যাচে পুলিশ ১৯ পয়েন্টে পঞ্চম স্থানে।
 

Ads