সাকিবকে ছাড়াই রাতে দেশে ফিরছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক

০৪ সেপ্টেম্বর ২০২৪, ০১:০৪ পিএম


সাকিবকে ছাড়াই রাতে দেশে ফিরছেন টাইগাররা

 

পাকিস্তান সফর শতভাগ সাফল্যে শেষ করে আজ রাতেই দেশে ফিরছে  বাংলাদেশ ক্রিকেট দল। তবে সবাই ফিরলেও বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান ফিরছেন না। তিনি ইংল্যান্ড গিয়ে কাউন্টি ক্রিকেট আসরে একটি চারদিনের ম্যাচ খেলবেন।

এবারই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ এবং ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ  করেছে তাদের। তবে এই সিরিজ শেষ করেও খুব বেশি বিশ্রাম নেই। আগামী ১২/১৩ সেপ্টেম্বর ভারত সফরে যাবেন নাজমুল হোসেন শান্তরা। ২ টেস্ট ও ৩ টি২০ ম্যাচের সিরিজ খেলবে সেখানে বাংলাদেশ দল। ১৯ সেপ্টেম্বর প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।

এ কারণে মঙ্গলবার সিরিজ শেষ হতেই আর দেশে ফিরতে বিলম্ব করছেন না ক্রিকেটাররা। আজ রাতে দুই দফায় দেশে ফিরবেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম ধাপে রাত ১১টায় এবং দ্বিতীয় ধাপে রাত ২টায় ঢাকায় অবতরন করবে দল।

সাকিব ৪ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি শুরুর এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলার ছাড়পত্র পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। সেখানে সারে কাউন্টির হয়ে সমারসেটের বিপক্ষে ৪ দিনের একটি ম্যাচ খেলার কথা সাকিবের।

সর্বশেষ সরকারের নির্বাচিত সংসদ সদস্য সাকিব। তার বিরুদ্ধে প্রথমে একটি হত্যা মামলা এবং পরবর্তীতে দুর্নীতি, শেয়ার কেলেঙ্কারিসহ বেশ কয়েকটি মামলা হয়েছে। তাই আপাতত দেশে ফিরবেন না তিনি।

সবাই দেশে ফিরলেও তাই ইংল্যান্ড যাবেন সাকিব। সেখান থেকে সরাসরি ভারতে এসে দলের সঙ্গে যোগ দেবেন।

 

Ads