ওয়েবিনারের উত্তরণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী
২৬ আগস্ট ২০২১, ১২:০৬ এএম
ছবি- প্রতিদিনের চিত্র।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তরণ পাঠাগারের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে "বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, জ্ঞানচর্চা এবং তরুণ সমাজের দায়" শীর্ষক ওয়েবিনার (ইন্টারনেটের মাধ্যমে সেমিনার) অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান সঞ্জয় সরকারের সভাপতিত্বে ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির বৈজ্ঞানিক কর্মকর্তা হাদিসুর রহমান সোহাগের সঞ্চালনায় গত মঙ্গলবার দিবাগত রাত ৮ টায় সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে আলোচক ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, সাবেক কৃষই সচিব শ্যামল কান্তি ঘোষ। আরও বক্তব্য রাখেন, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ, উত্তরণ পাঠাগারের সাবেক সভাপতি আরিফুর রহমান আরিফ ও জাকিউল আলম প্রমূখ।
ওয়েবিনারে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর ও সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান বলেন, বঙ্গবন্ধুর এই বঙ্গবন্ধু হয়ে ওঠা, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে ওঠার একটা বড় অবদান পাঠাভ্যাসের। আর সেটির অনুপ্রেরণা দিতেন বঙ্গবন্ধুর স্ত্রী। ১৯৬১ সালের অক্টোবরে বঙ্গবন্ধু তার পরিবার নিয়ে ৩২ নাম্বারের বাসার নিচ তলায় বসবাস শুরু করেন। পরবর্তী বছরেই শয়নকক্ষ ২য় তলায় স্থানান্তর করেন এবং নিচতলায় সুন্দর একটা লাইব্রেরি করেছিলেন। এই লাইব্রেরি কক্ষ থেকেই ১৯৭১সালের ২৬শে মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা করেছিলেন। ১৯৭১ সালে লাইব্রেরির বই লুটপাট করা হলেও, পরবর্তীকালে তিনি আবার সেটা গড়ে তুলেন। এসময় তিনি আরও উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন তিনি লাইব্রেরির কক্ষে ছিলেন না, শয়নকক্ষে ছিলেন ,এরপরেও লাইব্রেরি কক্ষে এলোপাথারি গুলি চালানো হয়। কবি নজরুলের বুলেটবিদ্ধ বই এখনো সেই ঘটনার সাক্ষ্য দেয়। আরও বলেন, তরুণের দায় শোককে শক্তিতে পরিণত করা, তরুণের দায় শোককে সমৃদ্ধতে পরিণত করা।
সাবেক কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ হলো ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ। প্রাথমিক শিক্ষা অবৈতনিক করা ও কৃষি খাতকে সমৃদ্ধি করতে বঙ্গবন্ধু সরকারের নানা পদক্ষেপের উল্লেখ করে তরুণদের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণের আহবান জানান।




















