রংপুরের শ্যামপুর সুগার মিলে ৪ মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ
২৬ এপ্রিল ২০২০, ০৬:৩০ পিএম
বিক্ষোভ করেছেন রংপুরের শ্যামপুর চিনি কলের শ্রমিক ও আখচাষীরা। ছবি- প্রতিদিনের চিত্র
করোনভাইরাস মহামারীতে দেশে অবরুদ্ধ পরস্থিতিতে ৪ মাসের বকেয়া বেতন ও গত বছরের ২ কোটি টাকারও বেশি বকেয়া অাখের দামের দাবিতে বিক্ষোভ করেছেন রংপুরের শ্যামপুর চিনি কলের শ্রমিক ও আখচাষীরা।
রবিবার দুপুরে মিল গেটে অবস্থান নিয়ে তারা এই কর্সূচি পালন করেন। এসময় শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও সহায়তার দাবি জানিয়ে বলেন, সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন চার মাস ধরে বেতন না পেয় দুর্বিসহ হয়ে উঠেছে শ্রমিকদের জীবন। পাশাপাশি গত বছর দেয়া অাখের দাম না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন অাখ চাষিরা। বকেয়া থাকায় পরবর্তী অাবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।
চিনিকলের শ্রমিক আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের সময় বাড়ি থেকে বের হতে পারছি না। জমানো টাকা শেষ হওয়ায় ধারদেনা করে চলছি। বর্তমানে দোকানিরা আর বাকিতে খরচ দিতেও রাজি হচ্ছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি।
শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান বলেন, দোকানপাট বন্ধ থাকায় চিনিকলে উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে এই আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে।




















