ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুটি নির্বাচনী অফিস ভাংচুর-গুলিবর্ষণ
২৪ সেপ্টেম্বর ২০২০, ০২:৫৮ পিএম
ছবি- সংগৃহীত
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের ২টি নির্বাচন অফিস ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা।
গতকাল রাত ১০টা ৩০মিনিটের দিকে ঈশ্বরদীর সাহাপুরের আজিজল তলা নির্বাচনী অফিস এবং রাত প্রায় ১২টার দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন নির্বাচন অফিসে এই হামলা চালানো হয়েছে। এসময় নির্বাচন অফিস দু’টিতে কোন নেতা-কর্মী ছিল না।
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, রাতে নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা ৭ রাউন্ড গুলি ছুড়ে ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় সারা এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
ঈশ্বরদী থানার ওসি এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।




















