দেশে মব সহিংসতা কমেছে ৪১ শতাংশ, নিহত ৩৬ শতাংশ কম
২০ অক্টোবর ২০২৬, ১১:২৮ এএম
দেশে মব সহিংসতা কমেছে ৪১ শতাংশ, নিহত ৩৬ শতাংশ কম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দেশে মব সহিংসতার ঘটনা, নিহত ও আহতের সংখ্যা কমেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপারেশন কন্ট্রোলরুমের প্রকাশিত ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত তুলনামূলক পরিসংখ্যানে এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে মব সহিংসতার ১০৭টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ৬৩ জন এবং আহত হয়েছেন ৮২ জন। অন্যদিকে, ২০২৬ সালের একই সময়ে মব সহিংসতার ঘটনা কমে দাঁড়িয়েছে ৬৩টিতে। এ সময়ে নিহত হয়েছেন ৪০ জন এবং আহত হয়েছেন ৬৫ জন।
তুলনামূলক হিসাবে, ২০২৫ সালের একই সময়ের তুলনায় ২০২৬ সালে মব সহিংসতার ঘটনা কমেছে ৪৪টি, যা প্রায় ৪১ শতাংশ। নিহতের সংখ্যা কমেছে ২৩ জন বা প্রায় ৩৬ দশমিক ৫ শতাংশ। আর আহতের সংখ্যা কমেছে ১৭ জন বা প্রায় ২০ দশমিক ৭ শতাংশ।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের মার্চ মাসে সর্বোচ্চ ২৯টি মব সহিংসতার ঘটনা ঘটে। ওই মাসে নিহত হন ১২ জন এবং আহত হন ২৬ জন। ২০২৬ সালের মার্চে এ ধরনের ঘটনা কমে ১০টিতে নেমে আসে। ওই মাসে নিহত হন তিনজন এবং আহত হন ১১ জন।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ১৮টি ঘটনায় ১৩ জন নিহত ও ১১ জন আহত হন। ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে ঘটনা কমে সাতটিতে দাঁড়ায়। এ মাসে নিহত হন দুজন এবং আহত হন ১২ জন।
তবে সব মাসে একই হারে উন্নতি দেখা যায়নি। ২০২৬ সালের জানুয়ারিতে মব সহিংসতার ঘটনা ছিল আটটি, যেখানে ২০২৫ সালের জানুয়ারিতে ছিল তিনটি। একই সময়ে জানুয়ারিতে নিহতের সংখ্যা তিন থেকে বেড়ে নয়জনে দাঁড়ায়। ফলে সামগ্রিক পরিসংখ্যানে কমতির প্রবণতা থাকলেও মাসভিত্তিক কিছু ক্ষেত্রে পরিস্থিতির অবনতি হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের প্রথম নয় মাসে মব সহিংসতার ঘটনা, নিহত ও আহতের মোট সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। তবে এ ধরনের সহিংসতা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়টি গুরুত্বপূর্ণ।
সূত্র: ঢাকা মহানগর পুলিশের অপারেশন কন্ট্রোলরুমের মব সহিংসতা-সংক্রান্ত তুলনামূলক বিবরণী।




















