এনবিআরের আন্দোলন; আরও ৮ কর কর্মকর্তা বরখাস্ত
১৫ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
সাসপেন্ড হওয়ার ভয়ে আন্দোলন প্রত্যাহারের পরে আয়কর ক্যাডারের কর্মকর্তারা ব্যাচ ধরে এনবিআর চেয়ারম্যানের কাছে মাফ চেয়েও শেষ রক্ষা পেল না। এনবিআরের আন্দোলনে থাকা প্রথম সারির মোনালিসা শাহরীন সুস্মিতাসহ আয়কর বিভাগের ৮ ক্যাডার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে ইস্যু করা পৃথক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন ‘কর অঞ্চল-২’ এর যুগ্ম কর কমিশনার মাসুমা খাতুন, ‘কর অঞ্চল-১৫’ এর মুরাদ আহমদ, কুষ্টিয়া কর অঞ্চলের মোহাম্মদ মোরশেদ উদ্দিন, ‘নোয়াখালী কর অঞ্চল’ এর মোনালিসা শাহরীন সুস্মিতা ও ‘কক্সবাজার কর অঞ্চল’ এর যুগ্ম কর কমিশনার আশরাফুল আলম প্রধান এবং উপ-কর কমিশনার শিহাবুল ইসলাম, রংপুরের নুসরাত জাহান শমী ও কুমিল্লার উপ-কর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২২ জুন এনবিআরের জারি করা বদলির আদেশ অবজ্ঞাপূর্বক প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায় তাদের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় কার্যধারা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ এর ৩৯ (১) ধারা অনুযায়ী তাদেরকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগপূর্বক চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। তারা সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্য হবেন।
এর আগে ২৪ জুন আগারগাঁওয়ে এনবিআর ভবনে দুটি বদলি আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ দাবি করে তা ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলন করা কর্মকর্তা-কর্মচারীরা।























