র‌্যাব-৩ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৪, ০৫:২১ পিএম


র‌্যাব-৩ এর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার সন্ত্রাসী মোশাররফ হোসেন

র‌্যাবের আভিযানিক দলের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় অন্যতম মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশাররফ হোসেন (৩০)’ কে অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্রসহ নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

 

র‌্যাবের আভিযানিক দলের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় অন্যতম মূলহোতা অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মোশাররফ হোসেন (৩০)’ কে অবৈধ বিদেশী আগ্নেয়াস্ত্রসহ নারায়নগঞ্জের রুপগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, যুদ্ধাপরাধী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

 

 

গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে র‌্যাব-১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের অন্তর্গত টেলাপাড়া এলাকায় একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করার জন্য অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামিকে গ্রেফতার করতঃ আইনগত ব্যবস্থা নেয়ার সময় ধৃত মোশাররফ সহ একদল অস্ত্রধারী সন্ত্রাসীর নেতৃত্বে প্রায় ২০০ হতে ২৫০ জন দলবদ্ধ হয়ে র‌্যাবের আভিযানিক দলের উপর আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র-সস্ত্র, লাঠিসোঠা ও ইট-পাটকেল নিয়ে হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় র‌্যাবের কয়েকজন সদস্য আহত হয়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ধৃত মোশাররফসহ ২৭ জন এবং অজ্ঞাত আরও দুইশতাধিক হামলাকারীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-৪৭/৬৩৩, তারিখ-১৫/০৯/২০২৩, ধারা-১৮৬০ সালের পেনাল কোড আইনের ১৪৩/১৮৬/২২৪/২২৫/৩০৭/৩৩২/৩৫৩। উক্ত ঘটনা ছাড়াও ধৃত মোশাররফের বিরুদ্ধে ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, বালু উত্তোলন নিয়ে প্রভাব বিস্তার ও দখলদারিত্ব, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পেশীশক্তি জানান দেয়ার জন্য অস্ত্র সরবরাহ করার একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

 

এ সকল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল ১২ জানুয়ারি ২০২৪ তারিখ ১৩৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন ভুলতা এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী ১। মোঃ মোশাররফ হোসেন (৩০), পিতা-মোঃ মোজাম্মেল হক, সাং-উত্তর ভুলতা, থানা-রুপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকালে তার হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি ম্যাগাজিন, ০১ রাউন্ড গুলি, ০২ টি মোবাইলফোন, ০২ টি সীমকার্ড এবং নগদ ৮,৮৫০/- টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি গত সেপ্টেম্বর ২০২৩ এ র‌্যাবের হাত থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা স্বীকার করে। এছাড়াও সে জানায় যে, নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানা এলাকায় বালু উত্তোলন এবং ভূমি দখলকে কেন্দ্র করে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার বিরাজমান। এই আধিপত্য বিস্তারে অস্ত্রের ঝনঝনানিতে এলাকার সাধারণ মানুষের মধ্যে সর্বদা আতংক বিরাজ করে। অস্ত্রের মুখে এসব সন্ত্রাসী গ্রুপের কাছে সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে। কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতনসহ প্রাণনাশের হুমকিও প্রদান করা হয়। ধৃত মোশাররফ তার গ্রুপের আধিপত্যকে কাজে লাগিয়ে ভূমি দখল, ফুটপাতে চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানায় ০১ টি অপহরণ, ০১ টি সরকারী কাজে বাঁধাদান এবং ০১ টি আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। সে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করার কাজে উক্ত অবৈধ অস্ত্র ব্যবহার করে আসছিল।

 

ধৃত মোশাররফ নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন উত্তর ভুলতা এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে। ০৪ ভাই-বোনের মধ্যে সে তৃতীয়। ছোটবেলা থেকেই সে বেপরোয়া জীবনযাপন করত। সে দশম শ্রেণীতে অধ্যয়নকালে এলাকার কিশোর গ্যাং এর সাথে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে পড়ে। পরবর্তীতে সে একটি গরুর খামার পরিচালনা করত। খামার ব্যবসার অন্তরালে সে মাদক ব্যবসা এবং সন্ত্রাসী কর্মকান্ডে জড়িয়ে পড়ে। তার নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী রুপগঞ্জ থানা এলাকায় মারামারি, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণপূর্বক মুক্তিপণ আদায় ইত্যাদি কার্যক্রম চালিয়ে আসছিল। ধীরে ধীরে সে এলাকার সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্ক হয়ে উঠে।

 

ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ads