আনুশকাকেই বিয়ে করলেন প্রভাস!

শাহীন ফাররোখ

১২ অক্টোবর ২০২৩, ০৪:২৩ পিএম


আনুশকাকেই বিয়ে করলেন প্রভাস!

ছবি- সংগৃহীত।

 

দক্ষিণের অন্যতম জনপ্রিয় তারকাদের মধ্যে রয়েছেন সুপারস্টার প্রভাস এবং আনুশকা শেঠি। তারা এক সঙ্গে কাজ করেছেন বহু ছবিতেই। তবে পর্দার সামনে হোক বা পেছনে তাদের রসায়ন চোখে পড়ার মতো। এক সময় তাদের প্রেমের গুঞ্জন শোনা যেত দক্ষিণী ইন্ডাস্ট্রিতে। চারদিকে এমন গুঞ্জন ডাল পালা মেললেও এ নিয়ে প্রকাশ্যে কথা বলতে চাননি আনুশকা-প্রভাস কেউই।
 

শুধু বড় পর্দায় নয়, বাস্তব জীবনেও এই জুটিকে দেখতে চাইছেন ভক্তরা। যদিও কানাঘুষা, প্রভাস ও আনুশকা শেঠির মধ্যে নাকি দূরত্ব তৈরি হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তাদের বিয়ের ছবি। যা দেখে রীতিমতো হইচই পড়ে গেছে ভক্তদের মধ্যে। তবে কী গোপনে বিয়ে সেরে ফেলেছেন প্রভাস-আনুশকা?

 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানা যায়,  রহস্যের জট খুলতে বেশি সময় লাগেনি, গল্পটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কাণ্ড। এআই আসার পর থেকে ফ্যানেরা নানারকম এক্সপেরিমেন্ট করছেন তাদের প্রিয় নায়ক ও নায়িকাকে নিয়ে। এবার সেই তালিকাতে উঠে এলো আনুশকা ও প্রভাসের নাম। প্রভাস ও আনুশকা বিয়ের সাজে কেমন লাগবে, তা দেখার জন্য এআই-এর ব্যবহার করা হয়।

 

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে প্রভাস জানান, যেখানেই যাই, সেখানেই আমাকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হয়। আমার বেশ মজাই লাগে। এর থেকে বোঝা যায় ভক্তরা আমাকে নিয়ে ভাবেন, আমাকে ভালবাসেন। তাই ভক্তদের বলতে চাই বিয়ে আমি খুব শিগগিরই করছি। তবে এখন কিছু বলব না। ঠিক সময়েই ঘোষণা করব। আমি জানি এবার এটা নিয়েই জল্পনা শুরু হবে।

Ads