কারিশমার সঙ্গে তুমুল প্রতিযোগিতা ছিল রাভিনার
০৩ অক্টোবর ২০২৩, ০৪:৩৩ পিএম
ছবি- সংগৃহীত।
নব্বইয়ের দশকে বলিউডে নিজের ক্যারিয়ার গড়ে তুলেছিলেন রাভিনা টেন্ডন। একের পর এক সফল হিন্দি ছবি দর্শককে উপহার দিয়েছেন তিনি। কিন্তু বলিপাড়ায় যে রাজনীতি চলে এবং অভিনেত্রী যে তার শিকার হয়েছেন সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন রাভিনা।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবর থেকে জানা যায়, রাভিনা সাক্ষাৎকারে জানান, তিনি যখন ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছান, তখন রাজনীতির শিকার হন। অভিনেত্রী বলেন, ‘আমি সবসময় স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাস রেখেছি। আমার মনে হয়, এই ধরনের প্রতিযোগিতা থাকলে একজন তার সেরাটা দিতে পারেন। কিন্তু বলিউডে সবাই এক রকম ভাবতেন না।’
অভিনেত্রী কারিশমা কাপুরের নাম উল্লেখ করে রাভিনা জানান, কারিশমার সঙ্গে তার তুমুল প্রতিযোগিতা ছিল। তিনি বলেন, ‘আমি এবং কারিশমা একই ধারার ছবিতে, একই রকমের চরিত্রে অভিনয় করতাম। এমনকি নাচের শৈলীও প্রায় একই ধরনের ছিল আমাদের।’
১৯৯৬ সালে ডেভিড ধওয়ানের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাজন চলে সসুরাল’। এই ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করেন গোবিন্দ, কারিশমা কাপুর, টাবু প্রমুখ।সাক্ষাৎকারে রাভিনা বলেন, ‘সাজন চলে সসুরাল’ ছবিতে মূখ্য চরিত্রে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু শেষ মুহূর্তে তার পরিবর্তে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয় কারিশমাকে।
১৯৯৪ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘বিজয়পথ’ ছবিটি। এই ছবিতে অজয় দেবগনের বিপরীতে অভিনয় করেন টাবু। ‘বিজয়পথ’ ছবিতেও নাকি অভিনয়ের প্রস্তাব প্রথমে দেওয়া হয় রাভিনাকে। সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, পরে কোনো অজানা কারণে তাকে ছবি থেকে বাদ দেওয়া হয়।
রাভিনা বলেন, ‘টাবু কোনোদিন আমার সঙ্গে রাজনীতি করেনি। ও খুব শান্ত প্রকৃতির মানুষ। তবে বাকিদের ব্যাপারে আমি নিশ্চিত নই।’
কারিশমাকে পরোক্ষভাবে কটাক্ষ করতেও বাদ দেননি রাভিনা। তিনি বলেন, ‘আমি কোনোদিনও এমন বলিনি যে নবাগতা তারকাদের সঙ্গে কাজ করব না বা নতুন পরিচালকের ছবিতে অভিনয় করব না। আমি নিজেও এই ইন্ডাস্ট্রিতে একদিন নতুন ছিলাম। সবাইকে সুযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি।’
রাভিনার দাবি, তিনি কোনোদিন পেশাগত জীবনে উন্নতির জন্য অন্য অভিনেত্রীর ক্ষতি করেননি। কিন্তু তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। কারিশমা যে রাজনীতি করে তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছেন কথার ভাঁজে বারবার পরোক্ষভাবে সে দিকেই ইঙ্গিত দেন রাভিনা।
বলিপাড়ায় কানাঘুষো শোনা যায়, কারিশমার সঙ্গে রাভিনার সম্পর্ক নাকি কোনোদিনও ভালো ছিল না। একই ছবির শুটিং করতে গিয়েও নাকি সেটের মধ্যে অশান্তি হতো দুই অভিনেত্রীর।
১৯৯৪ সালে রাজকুমার সন্তোষীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আন্দাজ় আপনা আপনা’। এই ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করেন আমির খান, সালমান খান, কারিশমা ও রাভিনা।
শোনা যায়, ‘আন্দাজ় আপনা আপনা’ ছবির সেটে নাকি মাঝেমধ্যেই মতের অমিল হতো রাভিনা ও কারিশমার। আর দুই তারকার ঝামেলা সহজে থামত না।
বলিপাড়ার একাংশের অনুমান, মুক্তির আগে ‘আন্দাজ় আপনা আপনা’ ছবির প্রচার সে রকমভাবে হয়নি। ঠিকমতো প্রচার হলে নাকি ছবিটি বক্স অফিস থেকে আরও আয় করতে পারত। ‘আন্দাজ় আপনা আপনা’ ছবির প্রচার না হওয়ার নেপথ্যে ছিলেন কারিশমা ও রাভিনা। দুই অভিনেত্রীর মধ্যে এতটাই মন কষাকষি ছিল যে তাদের কারণে সবাইকে ছবির প্রচারের জন্য এক জায়গায় হাজির করানো যায়নি। তাই ছবির প্রচারই ভালোভাবে হয়নি।

























