এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী আমাদের রাষ্ট্রীয় সম্পদ- জিল্লুর রহমান
২৭ অক্টোবর ২০২৪, ১১:১১ এএম
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান বলেছেন, দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র বাংলাদেশের হালদা নদী। আর এ নদীর উৎপত্তিস্থল খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের সালদা গ্রামের হালদা ছড়া থেকে। যা রাষ্ট্রীয়ভাবে হেরিটেজ হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। তিনি বলেন,দেশের বৃহত্তর স্বার্থে হালদা নদীর সুরক্ষা, সংরক্ষণ, দুষণমুক্ত রাখা, জীব-বৈচিত্র রক্ষা এবং এই নদীকে ধারণ করা আমাদের জাতীয় দায়িত্ব এবং হালদা নদীর উৎসমুখ সুরক্ষা ও সংরক্ষণের সম্মিলিত প্রচেষ্টায় গুরুত্ব অপরিসীম। তারই আলোকে কাজ করছে রাষ্ট্র।
শনিবার (২৬ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হালদা নদীর উৎসমুখ সুরক্ষা ও সংরক্ষণ এবং তামাক চাষের বিকল্প কর্মসংস্থান বিষয়ক স্টেকহোল্ডারদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়), মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা ড. রাজু আহমেদ।
মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকারের সঞ্চালনায় ওয়ার্কশপে বক্তব্য রাখেন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রকল্পের পরিচালক ও মৎস্য অধিদপ্তরের পরিচালক (অভ্যন্তরীণ) জিয়া হায়দার চৌধুরী, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন, মৎস্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ কুমিল্লার উপপরিচালক মো. আনোয়ার হোসেন, মানিকছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা জহির রায়হান, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু ও আবদুল মান্নান। এছাড়াও হালদার উৎসমুখের বাসিন্দা কর্ণ মোহন ত্রিপুরা, তামাক চাষি মো. কামাল হোসেন প্রমূখ।
স্বাগত বক্তব্যে রাখেন, হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। বক্তারা বলেন, হালদার উজানে বিষাক্ত তামাক চাষ, অপরিকল্পিত বালু উত্তোলন, অবাধে গাছ কাটার ফলে হুমকিমূখে পড়েছে হালদা তথা হেরিটেজ ভবিষ্যৎ। প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই হালদাকে বাঁচাতে পারে। তাই পরিবেশ সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টায় সবার এগিয়ে আসতে হবে।
এ সময় শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক, রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ, তামাক চাষি, জেলে ও সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































