প্রচারে মাইক বন্ধ রাখায় প্রশংসিত আলী হোসেন

প্রতিদিনেরচিত্র ডেস্ক

২০ নভেম্বর ২০২১, ০৯:২৫ পিএম


প্রচারে মাইক বন্ধ রাখায় প্রশংসিত আলী হোসেন

সদস্যপ্রার্থী আলী হোসেন

এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের কথা চিন্তা করে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারে মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন এক সাধারণ সদস্য প্রার্থী।


প্রার্থীর নাম আলী হোসেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
আজ শনিবার (২০ নভেম্বর) সকালে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কার প্রার্থী আলী হোসেন তার ফেসবুক আইডিতে পোস্ট করে ব্যতিক্রমী এই ঘোষণা দেন।


জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ৮ নং ইউনিয়নের নির্বাচন আগামী ২৮ নভেম্বর। নির্বাচন উপলক্ষে এসব ইউনিয়নে রাত-দিন প্রচার চালাচ্ছেন কয়েকশ প্রার্থী। প্রার্থীদের মাইকে প্রচার-প্রচারণার কারণে ভোটার থেকে শুরু করে শিক্ষার্থীরা বিরক্ত হচ্ছেন। অনেকেই ফেসবুকে পোস্ট করে মাইকের অনিয়ন্ত্রিত ব্যবহারের কথা বলছেন। এসএসসি ও দাখিল পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধার কথাও এই প্রার্থী তুলে ধরেছেন। শিক্ষার্থীদের কথা ভেবে তুষভান্ডার ইউনিয়নের ৬নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কার প্রার্থী আলী হোসেন নির্বাচনী প্রচারে মাইক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছেন।


স্থানীয়রা বলছেন, ভোটার ও সাধারণ মানুষের কথা চিন্তা করে এই প্রার্থী এমন সিদ্ধান্ত নিয়েছেন। ফলে তাদের অর্থ সাশ্রয়ের পাশাপাশি মানুষ শব্দদূষণ থেকেও মুক্তি পেয়েছেন। তবে ঘরে ঘরে কর্মীদের প্রচার-প্রচারণা জমে উঠেছে। এটি একটি ভালো উদ্যোগ। নির্বাচনে মাইকবিহীন প্রচার কাজ করা উচিৎ বলেও অনেকে মন্তব্য করেন।


সদস্য প্রার্থী আলী হোসেন বলেন, নির্বাচনী প্রচারে মাইকের অনিয়ন্ত্রিত ব্যবহারে জনজীবন বিরক্ত হয়ে উঠেছে। এ ছাড়া বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলমান থাকায় পরীক্ষার্থীদের অসুবিধাও হচ্ছে। তাই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জনস্বার্থ বিবেচনা করে এমন সিদ্ধান্ত নিয়েছি। তবে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পযর্ন্ত মাইকে সীমিত আকারে প্রচার কাজ চলবে।


ওই এলাকার শিক্ষক স্বাধন ঘোষ বলেন, বর্তমানে এমন প্রার্থী খুঁজে পাওয়া বড় মুসকিল। নিঃসন্দেহে মহৎ হৃদয়ের পরিচয় দিয়েছেন এই প্রার্থী। তিনি জনগণের সুখ-দুঃখকে নিজের করে দেখে একজন প্রকৃত জনবান্ধব নেতা হয়ে উঠবেন। আমরা এটাই প্রত্যাশা করি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, মাইকে প্রচার কাজ বন্ধ রাখার উদ্যোগ প্রশংসার কাজ। অন্যরা এ থেকে অনেক কিছু শিখবেন বলে আমরা প্রত্যাশা করি। এমন সিদ্ধান্ত সবাই নিলে মানুষ উপকার পেত বলে তিনি মন্তব্য করেন।

ও/এফ

Ads