এনবিআর বিলুপ্তি একটি কসমেটিক সংস্কারমাত্র- ড. আবদুল মঈন খান
১৪ মে ২০২৫, ১২:১১ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিলুপ্তিকে ‘কসমেটিক সংস্কার’ বলে মন্তব্য করেন।
আজ বুধবার (১৪ মে) সকালে এক প্রশ্নের উত্তরে গণমাধ্যমকে তিনি একথা বলেন।
তিনি বলেন, বিশ্বব্যাংক এবং আইএমএফ বাংলাদেশের অর্থনীতির অনানুষ্ঠানিক প্রকৃতি সবসময় ঠিক বুঝতে পারে না। ফলে তাদের টেক্সট বুক প্রেসক্রিপশনগুলোর তাত্ত্বিক শক্ত ভিত্তি থাকলেও, এগুলো আমাদের আর্থিক ব্যবস্থার মূল সমস্যার কোনো বাস্তব সমাধান প্রদান করতে পারবে না।
তিনি বলেন, এনবিআর সম্পর্কিত আমাদের মূল সমস্যা হলো দুর্নীতি। সেক্ষেত্রে কেবল সাইন বোর্ডের পরিবর্তন অথবা রিব্র্যান্ডিং দেশের গুরুতর অসুস্থকর অবকাঠামোতে কোনো বাস্তব পরিবর্তন আনবে না। এমনকি এনবিআরের সংশ্লিষ্ট কর্মীদের কাছে অর্থ উপদেষ্টা নিজেই আশ্বাস দিয়েছেন, তারা এই পরিবর্তনের দ্বারা প্রভাবিত হবে না। যদি এটাই সত্যি হয়, তাহলে পুনর্গঠনের এই ঢাকঢোল বাজানো কেবল একটি নিরর্থক উদ্যোগ ছাড়া আর কিছুই নয়।
তিনি আরও বলেন, আমাদের কর ব্যবস্থার একটি সম্পূর্ণ সংস্কার করা আসলেই প্রয়োজন। যেখানে বিদ্যমান এই ব্যবস্থা যতটা কর রাজস্ব সংগ্রহ করছে, তার চেয়ে অনেক বেশি কর রাজস্ব ফাঁকি দিতে সাহায্য করছে বলেও শক্ত অভিযোগ রয়েছে।





















