ঋতুপর্ণার বাড়িতে নেই ফেরদৌস
১৮ আগস্ট ২০২৪, ০৪:৩৫ পিএম
চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস ভারতের কলকাতায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে নেই। সংবাদমাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন ঋতুপর্ণা নিজেই।
দেশে শেখ হাসিনা সরকার পতনের পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ফেরদৌসকে। এরপরই শোবিজ পাড়ায় গুঞ্জন উঠে, ভারতের কলকাতায় ব্যক্তিগত বন্ধু, টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে অবস্থান করছেন অভিনেতা।
এমন খবর অভিনেত্রীর চোখে পড়তেই সংবাদমাধ্যমে ঋতুপর্ণা জানান, আমার আর ফেরদৌসের একটা ছবি দিয়ে একটি খবর দেখলাম। সেখানে বলা হয়েছে, ছবিটা সম্প্রতিই তোলা হয়েছে একটি শোতে। যা সত্য নয়।
ঋতুপর্ণা আরও বলেন, ফেরদৌস আর আমি খুব ভালো বন্ধু তা সবাই জানেন। আমি ঢাকায় গেলে ফেরদৌসের বাড়িতে উঠি। আবার কলকাতায় এলে ফেরদৌস আমার বাড়িতে ওঠে। আমাদের মধ্যে যোগাযোগটা ভালো। তবে বাংলাদেশে সরকার পতনের পর ফেরদৌসের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমার।
এ সময় আফসোস করে অভিনেত্রী বলেন, আমি এখন সিঙ্গাপুরে আছি। জানি না ফেরদৌস এখন কোথায় আছে? ও মানুষ হিসেবে ভালো। রাজনীতিতে এসেছিল ভালো কাজ করার জন্যই। যেখানেই থাকুক, প্রার্থনা করি ও যেন সুস্থ ও নিরাপদে থাকে।






























