বাবাসহ দুই ভাইয়ের প্রহারে দিনমজুরের মৃত্যু
০২ জুন ২০২৫, ০৩:০৭ পিএম
প্রতিকী ছবি
নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে বাবাসহ আপন দুই ভাইয়ের প্রহারে মো: আজিম (৪৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আজিমের স্ত্রী দিবা বেগম (৩৫) আহত হয়েছেন।
আজ সোমবার (২ জুন) সকাল ৮টার দিকে বন্দরের দক্ষিণ ঘারমোড়া নাজিরা পট্টি এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজিমের মা আনোয়ার বেগমকে আটক করেছে পুলিশ।
সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের এক পর্যায়ে আজিমের বাবা দিদার ও দুই ভাই আনোয়ার ও মোহাম্মদ আলী সংঘবদ্ধভাবে আজিমের ওপর হামলা চালান। হামলায় প্রথমে গলায় ফাঁস দেয়া হয় এবং পরে বুকের ওপর ইট দিয়ে আঘাত করা হয়, ফলে ঘটনাস্থলেই আজিমের মৃত্যু হয়। এ সময় বাধা দিতে গিয়ে তার স্ত্রী দিবা বেগম আহত হন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর থেকে অভিযুক্ত পিতা দিদার এবং দুই ভাই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।
আজিমের স্ত্রী দিবা জানান, ‘আমার শ্বশুর ও তার দুই ছেলে মিলে আমার স্বামীকে এলোপাতাড়ি মারে, বুকে ইট দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। আমাকেও বেদম মারধর করে।’


























