ডিগ্রির স্বীকৃতির দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন
২৪ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে নওগাঁয় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নওগাঁ সদর হাসপাতালের সামনে এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন নওগাঁ জেলা শাখার ব্যানারে সংগঠিত শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তৃতা করেন জেলা শাখার সভাপতি প্রতীক, ডিপ্লোমা ইন মিডওয়াইফারির তৃতীয় বর্ষের শিক্ষার্থী লিমা খাতুন এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আফসানা খাতুনসহ অন্যরা।

বক্তারা বলেন, এইচএসসি পাসের পর ভর্তি পরীক্ষার মাধ্যমে তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সে পড়ালেখা শেষ করেও তারা স্নাতক সম্মানের স্বীকৃতি পাচ্ছেন না। অথচ একই শিক্ষাগত যোগ্যতায় অন্যান্য ডিগ্রিধারীরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করে সরকারি-বেসরকারি বিভিন্ন ক্ষেত্রে সুযোগ-সুবিধা পাচ্ছেন। এ বৈষম্য দূর করে ডিপ্লোমা কোর্সকে অবিলম্বে স্নাতকের সমমানে উন্নীত করার দাবি জানান তারা।
তারা আরও জানান, বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। যদিও নীতিনির্ধারকরা মৌখিকভাবে দাবি সমর্থন করেছেন, তবে আজ পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।
ডিপ্লোমা ইন মিডওয়াইফারির শিক্ষার্থী লিমা খাতুন বলেন, “২০০৭-০৮ শিক্ষাবর্ষে নার্সিং কোর্স ছিল ৪ বছর মেয়াদি, যা ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে ৩ বছরে নামিয়ে আনা হয়। আমাদেরও উচ্চশিক্ষার স্বীকৃতি পাওয়ার অধিকার আছে। আমরা চাই আমাদের কোর্সকে ডিগ্রি সমমান দেওয়া হোক।”
জেলা শাখার সভাপতি প্রতীক বলেন, “দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলেও সরকার কোনো সাড়া দিচ্ছে না। তাই আগামী শনিবারের মধ্যে দাবি পূরণ না হলে রোববার থেকে ক্লাস, ডিউটি ও হাসপাতালের সকল প্রকার ক্লিনিক্যাল প্র্যাকটিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।”
নার্সিং শিক্ষার্থীরা তাদের দাবিকে যৌক্তিক দাবি উল্লেখ করে বলেন, দীর্ঘদিনের এই অবহেলার অবসান ঘটিয়ে দ্রুত তাদের স্বীকৃতি দেওয়া না হলে সারাদেশেই আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
















