নওগাঁতে ‘স্পোকেন ফর কিডস’-এর যাত্রা শুরু: হাতেখড়ি'র উদ্যোগে ইংরেজি শিক্ষার দিগন্ত উন্মোচন

এ কে নোমান, নওগাঁ জেলা প্রতিনিধি-

১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৯ পিএম


নওগাঁতে ‘স্পোকেন ফর কিডস’-এর যাত্রা শুরু: হাতেখড়ি'র উদ্যোগে ইংরেজি শিক্ষার দিগন্ত উন্মোচন

শিশুদের মানসম্মত ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁতে প্রথমবারের মতো হাতেখড়ি নওগাঁ'র উদ্যোগে শুরু হলো ‘স্পোকেন ফর কিডস’ সহযোগিতায় ল্যাংগুয়েজ হেল্প বিডি। ছবি- এ কে নোমান।

 

শিশুদের মানসম্মত ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নওগাঁতে প্রথমবারের মতো হাতেখড়ি নওগাঁ'র উদ্যোগে শুরু হলো ‘স্পোকেন ফর কিডস’ সহযোগিতায় ল্যাংগুয়েজ হেল্প বিডি। আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁ শহরের চকএনায়েত দয়ালের মোড়ে অবস্থিত হাতেখড়ি চত্বরে এ বিশেষ প্রশিক্ষণ কার্যক্রমের ফ্রি ক্লাস অনুষ্ঠিত হয়।

নওগাঁর অন্যতম শিশু ও কিশোর শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান হাতেখড়ি নওগাঁ দীর্ঘদিন ধরে শিশুদের  কবিতা আবৃত্তি, তবলা, গিটার বাজানো, চিত্রাঙ্কনসহ নানা সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ দিয়ে আসছে। এবার তারা ভাষা শিক্ষায় নতুন মাত্রা যোগ করতে শুরু করলো ‘স্পোকেন ফর কিডস’, যেখানে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ কোর্স চালু করা হয়েছে।

এই প্রশিক্ষণে শুধু ইংরেজি বলা শেখানোই নয়, বরং শিশুদের ইংরেজি ভাষার ভিত শক্তিশালী করতে ফনিক্স, ইংলিশ অ্যালফাবেট, বেসিক গ্রামার, স্টোরি টেলিং, স্পেলিং, ভোকাবুলারি, প্রেজেন্টেশন স্কিল ও ফোনেটিক্স শেখানো হবে। এতে শিশুরা শুরু থেকেই সঠিক উচ্চারণ ও ব্যাকরণগত দক্ষতা অর্জন করতে পারবে।

এই কোর্স পরিচালনায় রয়েছে ল্যাঙ্গুয়েজ হেল্প বিডি, যা ভাষা শিক্ষার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করছে। প্রতিষ্ঠানটির কো-অর্ডিনেটর, ফাউন্ডার ও লিড ট্রেইনার মো. ফাইসাল হোসাইন দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা নিয়ে এ প্রশিক্ষণের দায়িত্ব নিয়েছেন। তিনি জানান, "শিশুরা যদি ছোটবেলা থেকেই শুদ্ধ উচ্চারণের চর্চা করে, তবে ভবিষ্যতে তাদের ভাষাগত দক্ষতা অনেক বেশি উন্নত হবে। নওগাঁতে আমরা প্রথমবারের মতো এ ধরনের প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি, যা শিশুদের ভাষা শেখার প্রতি আগ্রহ বাড়াবে।"

ল্যাঙ্গুয়েজ ইন্সট্রাক্টর হিসেবে যুক্ত রয়েছেন গোলাম মোহাম্মদ দরুদ ও রাকিবুল ইসলাম, যারা নিয়মিত পাঠদান করবেন। হাতে খড়ি নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এই কোর্সটি আগামী ৭ মার্চ থেকে প্রতি শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ক্লাসে উপস্থিত ছিলেন হাতেখড়ি নওগাঁর সভাপতি মাগফুরুল হাসান বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নওরীন আখতার শারমিন, বিভিন্ন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরা সন্তোষ প্রকাশ করে বলেন, "শিশুরা যদি প্রাথমিক পর্যায় থেকে ইংরেজি ভাষা শেখার সুযোগ পায়, তাহলে ভবিষ্যতে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়বে। হাতে খড়ি নওগাঁর এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।"

অনুষ্ঠানের এক পর্যায়ে অভিভাবকরা তাদের মনের চাহিদা  প্রকাশ করেন এবং প্রশিক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা জানতে চান, কিভাবে কোর্সটি পরিচালিত হবে এবং শিশুদের শেখানোর পদ্ধতি কী হবে। 
আয়োজকরা জানান, কোর্সটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে শিশুরা মজার ছলে ভাষা শিখতে পারে এবং তা বাস্তব জীবনে প্রয়োগ করতে সক্ষম হয়।

নওগাঁতে প্রথমবারের মতো শুরু হওয়া ‘স্পোকেন ফর কিডস’ আগামী দিনে শিশুদের ইংরেজি শিক্ষায় কতটা ইতিবাচক প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়। হাতেখড়ি'র এ উদ্যোগ নতুন প্রজন্মকে দক্ষ ইংরেজি বক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Ads