নওগাঁর মান্দায় বিএনপির জনসভা, ৩১ দফা বাস্তবায়নের আহ্বান
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি
বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবিতে নওগাঁর মান্দা উপজেলায় এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এ সমাবেশে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কশব ইউনিয়নের ভোলাগাড়ি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কাশেম।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নওগাঁ মফস্বল সাংবাদিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা ডাঃ ইকরামুল বারী টিপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান আজিমুদ্দিন সরদার, সাইদুর রহমান মোল্লা, জালাল উদ্দিন সাহানা, যুবদল নেতা আল মামুন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, কলেজ শিক্ষক সমিতির সভাপতি মহসিন আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্থানীয় বিএনপি নেতা শাজাহান আলী মাঝি, সাহার আলী, নুরুল ইসলাম, মতিউর রহমান, হারুন অর রশিদ ও আনিছার রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, "ছোটবেলা থেকেই জনসেবার ইচ্ছা ছিল। চিকিৎসক হয়ে আপনাদের সেবা দিয়েছি, পরবর্তীতে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতেও আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। দল থেকে মনোনয়ন পেলে মান্দার উন্নয়নে নিরলসভাবে কাজ করব ইনশাআল্লাহ।"
তার বক্তব্যের পর উপস্থিত জনতা উল্লাস প্রকাশ করে এবং সমর্থন জানান। তারা বলেন, অতীতের মতো ভবিষ্যতেও তারা ডাঃ ইকরামুল বারী টিপুর পাশে থাকবেন।
জনসভায় বক্তারা বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণকে এর পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। সভায় নেতারা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে দলীয় নেতাকর্মীদের মধ্যে চাঙ্গাভাব লক্ষ্য করা যায় এবং আগামী দিনের রাজনৈতিক কার্যক্রমকে বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
















