ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারার অভিযোগ!
৩০ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক বৃদ্ধ ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকায়।
এ ঘটনায় বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন ওই ভুক্তভোগী ব্যাবসায়ী শাজাহান হাওলাদার ও তার ভাই নুরু ইসলাম হাওলাদার। মামলাটি বর্তমানে আদালতে চলমান রয়েছে। মামলা দায়েরের পর থেকেই বিরোধীয় সম্পত্তিতে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি রয়েছে বলেও জানান মামলার দুই বাদী ।
মামলার বিবাদীরা হলেন , সিটি কর্পোরেশনের ২৬ নং ওয়ার্ডের হরিনাফুলিয়া এলাকার কোটন সিকদারের ছেলে শামীম সিকদার, কবির সরদারের ছেলে শাওন সরদার, খলিল হাওলাদারের ছেলে হারিছ হাওলাদারসহ ১২ জন।
ভুক্তভোগী ব্যবসায়ী শাজাহান হাওলাদার জানান , আমার হরিনাফুলিয়া বাজার সংলগ্ন এলাকায় সাড়ে ২১ শতাংশ জমি রয়েছে। এর মধ্যে আমি সাড়ে ১৫ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক। বাকিটুকু আমার পৈত্রিক সূত্রে প্রাপ্ত রেকর্ডিও সম্পত্তি। ঐ জমির মধ্যে আমার পরিচালনায় একটি দোকানও রয়েছে। ইতিপুর্ব থেকেই আমার জমি দখলের পায়তারা চালিয়ে আসছিল বিবাদীরা।
এরই ধারাবাহিকতায় আমি তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি। বিবাদীরা আওয়ামী লীগের সাথে যুক্ত থাকায় দলীয় প্রভাবে তৎকালীন সময়ে জমি দখলে নানানভাবে হয়রানী করেছে।
বর্তমানে তারা প্রকাশ্যে না আসলেও দল পাল্টে বিএনপি'র ছত্রছায়ায় আমার সবটুকু জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছে।
শাহজাহান জানান, ইতিপুর্বে মামলা দায়েরের পর আমার জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন আদালত। কিন্ত বিএনপি নেতা পরিচয়ে বিবাদী শামিম সিকদার ও কবিরের নেতৃত্বে অন্যান্য বিবাদীরা আমার জমি দখলের উদ্দেশ্যে আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন তারা। জমি থেকে চলে না গেলে আমাকে হত্যার হুমকিও দেন অভিযুক্তরা।
সম্প্রতি জমির সামনে গাছের ওপরে আদালতের নির্দেশমতে আমি বিরোধীয় জমির পরিমাণ ও মামলার বিষয়টি উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন করি। কিন্ত রাতের আধারা তারা সেই সাইনবোর্ড খুলে নিয়ে যায়। পরেরদিন পুনরায় সাইনবোর্ড স্থাপন করলে দোকান ভাংচুরসহ আমাকে প্রাণনাশের হুমকি দেন বিবাদীরা।
এ বিষয়ে শাহজাহানের ছেলে মো: মাসুম জানান, জমিটি আমরা বৈধভাবে পুর্ব থেকে ভোগ দখলে রয়েছি। বিবাদীরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ক্রমাগত জমি দখলের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে জোরপূর্বক নিজেদের জমি উল্লেখ করে পিলারও স্থাপন করেছে। আমরা বাধা দিলে রক্তের বন্যা বইয়ে দিবেন বলে বিবাদী শামীম ও কবির হুমকি প্রদান করেন। বর্তমানে আমরা জমি রক্ষার পাশাপাশি পরিবারসহ সকলে আতংকে রয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন মাসুম।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা পরিচয়দানকারী কবির জানান- যারা জমি দখলের পায়তারা চালায় তাদের সাথে আমার কোন সম্পর্ক নেই। আমি এসব কাজে কোন সহযোগীতা করিনা। বিরোধীয় জমির ধারে- কাছেও যাইনি। বরং বাদীরা আমার স্বজন। জমি ফিরে পেলে আমি সন্তষ্ট হব।
এ বিষয়ে বিবাদী শামীম সিকদার জানান- তাদের সাথে আমাদের কোন বিরোধ নেই। শাহজাহানও ক্রয় সুত্রে মালিক। আমরাও ক্রয় করেছি। আমরা জোরপুর্বক কোন জমি দখলের পায়তারা চালাইনি। সাইনবোর্ড কারা খুলেছেন সেটিও জানা নেই।
































