বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংকে ট্যাক্স টোকেন না থাকায় যাত্রীরা ভোগান্তিতে
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫০ পিএম
ছবি- সংগৃহীত।
বেনাপোল বন্দরের চেকপোস্ট সোনালী ব্যাংক বুথে ভ্রমন করের রশিদ (ট্যাক্স টোকেন) না থাকায় ভারত ভ্রমনে যাওয়া যাত্রীরা ভোগান্তিতে পড়ছে। আজ রবিবার (১১ফেব্রæয়ারি) সকালে চেকপোস্ট সোনালী ব্যাংক বুথ থেকে কোন যাত্রী ভ্রমন করের ট্যাক্স কাটতে পারেনি। পরে অনলাইনের ব্যবস্থা চালু করলেও এক একটি ট্যাক্স কাটতে দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ করেছেন সাধারন যাত্রীরা।
এ অবস্থায় বুথের মধ্যে চারটি ডেস্কের দুটিতে অনলাইনে ভ্রমণকর কাটতে দেখা গেলেও এক একটি ভ্রমনকর দিতে ২ থেকে ৩ মিনিট সময় লাগছে। এতে করে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন যাত্রীরা।
ভারত ভ্রমণে আসা ঢাকার যাত্রী মাসুদ রানা বলেন, ভারতে বেড়াতে ঘুরতে যাওয়ার উদ্দেশে আজ ভোর ৫টা থেকে ভ্রমণকর দেওয়ার জন্য বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনালে অবস্থিত সোনালী ব্যাংক বুথের লাইনে দাঁড়িয়ে ছিলাম। সকাল ৬টা ২৫মিনিটের সময় ব্যাংকের লোকজন জানায় ভ্রমণকরের রশিদ শেষ। অনলাইনে দিতে হবে সময় লাগবে। তখন ভ্রমণের আনন্দটাই নষ্ট হয়ে গেল।
বেনাপোল চেকপোস্ট সোনালী ব্যাংকের ইনচার্জ রুহুল আমিন বলেন, হঠাৎ করে ব্যাংকে ভ্রমণকরের রশিদ শেষ হয়ে গেছে। আমরা ব্যাংক কর্তৃপক্ষকে আগে থেকে জানিয়েছিলাম। রশিদ বই ছাপানোর কাজ চলমান রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন।

























