বরিশালে লাগামহীন সবজির বাজার, হিমশিম খাচ্ছে ক্রেতারা
১৪ জানুয়ারি ২০২৪, ০৯:০৪ পিএম
ছবি- প্রতিদিনেরচিত্র বিডি।
অন্যান্য বছর শীতে সবজি আর মাছের দাম নাগালে থাকলেও এবার ব্যতিক্রম। সবজির দাম এতটাই বেশি যে বাজারে গিয়ে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের ক্রেতাদের। অপরদিকে দামের কারণে ‘গরীবের মাছ’ হিসেবে পরিচিতি রুই, তেলাপিয়া আর পাঙাশ ছাড়া অন্যান্য মাছের দিকে ঝুঁকতে পারছে না সাধারণ মানুষ।
এদিকে বাজারে নতুন আলু আর পেঁয়াজে ভরপুর থাকলেও দাম আকাশচুম্বী হওয়ায় অনেকেই দিনে চলার মতো পেঁয়াজ আর আলু কিনছেন। রবিবার বরিশাল নগরীর একাধিক বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।
নগরীর নতুন বাজার, হাতেম আলী চৌমাথা বাজার ও বাংলাবাজার সহ বেশ কয়েকটি বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে, ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ টাকা, টমেটো ৩০-৪০, সিম ৬০-৭০, বাঁধাকপি ২৫, মিষ্টি কুমড়া ৬০, বরবটি ৬০, লাউ ৫০-৭০ টাকা, মূলা ৩০, পেঁপে ৪০, পালং শাক ৪০, লাল শাক ৫০, কচু ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। নতুন আলু ৬০ আর পেঁয়াজ ৮০-১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বাজারের সবজি বিক্রেতারা বলছেন, শীতের সময় প্রতি বছর সবজির দাম কমে যায়। ৩০-৪০ টাকার মধ্যে পাওয়া গেছে সব ধরনের সবজি। কিন্তু এবছর এখনো ৪০ টাকার নিচে আসছে না সবজি।
নগরীর পোর্ট রোড পাইকারি বাজারের ব্যবসায়ীরা জানান, সবজির আমদানি কম। মাঠ থেকে সবজি সরাসরি ঢাকায় চলে যায়। ফলে কমছে না দাম।
এদিকে পোর্ট রোড বাজারের মাছ ব্যবসায়ীরা বলছেন, বাজারে মাছের আমদানি মোটামুটি স্বাভাবিক থাকলেও কমছে না দাম। পটুয়াখালীর মহিপুর থেকেও মাছ আসছে। তবুও ৫০০ টাকার নিচে ভালো মাছ নেই।
রবিবার বাজারে রুই মাছ বিক্রি হচ্ছে ২৫০-৩০০ টাকা, তেলাপিয়া ১৫০-২৫০ টাকা, প্রায় একই দামে পাঙাশ মাছ পাওয়া যাচ্ছে। এছাড়া ছোট চিংড়ি ৬০০-৭০০ টাকা, বড় চিংড়ি ১০০০-১৩০০ টাকা, ইলিশ আকারভেদে ৬০০- ৩০০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।
























